গ্রেপ্তার করতে পুলিশের নিষ্ফল অভিযান, মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে বেড়াতে এসে এক গৃহবধূ ধর্ষিত হওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ধরতে গতকাল রোববার বিভিন্ন স্থানে নিষ্ফল অভিযান চালিয়েছে পুলিশ। এদিকে মামলাটি তদন্তের জন্য গতকাল ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

সেনবাগ থানার পুলিশ সূত্রে জানা যায়, এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে তারা। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়েছে। সেই অভিযানও নিষ্ফল হয়েছে।

স্বামীর সঙ্গে গত বৃহস্পতিবার সেনবাগের ডমুরুয়া ইউনিয়নে আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন নববিবাহিত ওই নারী (২২)। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁদের তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। একপর্যায়ে স্বামীকে স্থানীয় একটি মাছের খামারের গাছের সঙ্গে বেঁধে রেখে তারা স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় যুবলীগের কর্মী রুবেল, সোহেল, শহিদ, স্বপন, নিজাম, ইসমাইলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পরে নিজামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মিজান, কচি ও রিয়াজকে এই মামলায় এজাহারভুক্ত করে পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রুবেল, সোহেলসহ অভিযুক্ত যুবলীগের কর্মীদের বিরুদ্ধে এলাকায় লোকজনকে নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। কিন্তু ভয়ে তাঁদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খোলার সাহস পান না। এ কারণে শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটলেও কেউ বিষয়টি থানায় জানাননি।

 সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা খারাপপ্রকৃতির বলে তাঁরা তথ্য পেয়েছেন। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার নিজামের তথ্যের ভিত্তিতে এ ঘটনায় রিয়াজ, কচি ও মিজানের নাম পাওয়া গেছে। আরও যাঁরা এই ঘটনায় বিভিন্নভাবে জড়িত, তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মামলা ডিবিতে

ধর্ষণের মামলাটি গতকাল ডিবিতে স্থানান্তর করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ এ-সংক্রান্ত চিঠিতে সই করেন। বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পুলিশ সুপার বলেন, ডিবি এরই মধ্যে কাজ শুরু করেছে।

তবে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া গতকাল বিকেলে বলেন, তিনি এখনো চিঠি হাতে পাননি।

গতকাল দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে দুই কর্মকর্তা ঘটনা তদন্তে ও আসামিদের গ্রেপ্তারে থানার পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা গতকাল নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরীক্ষার প্রতিবেদন তৈরি করতে কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন তিনি।