গ্রেপ্তার খালাতো ভাইয়ের বাসার আলমারিতে যুবকের লাশ
মাদকের মামলায় গ্রেপ্তার হওয়া খালাতো ভাইয়ের বাসার স্টিলের আলমারি থেকে উদ্ধার হলো এক যুবকের লাশ। আলাউদ্দিন শিকদার (২৯) নামের ওই যুবকের গলায় তার প্যাঁচানো ছিল। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যার পর আলমারিতে ঢুকিয়ে রাখা হয়।
রাজধানীর লালবাগের নবাবগঞ্জের এক বাসা থেকে গতকাল রোববার ভোরে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, খালাতো ভাই মো. সুমন শ্বাসরোধে তাঁকে হত্যা করেছেন। লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে মাদকের একটি মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনের ধারণা, তাঁর স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের সম্পর্ক ছিল। এর জেরে আলাউদ্দিনকে হত্যা করে নিজ বাসার আলমারিতে ঢুকিয়ে রাখেন সুমন।
অবশ্য নিহত আলাউদ্দিনের ভাই মো. লিটনের দাবি, সুমন মাদকাসক্ত। মাদক সেবনে বাধা দেওয়ায় আলাউদ্দিনকে হত্যা করেছেন সুমন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, মাদকসংক্রান্ত একটি মামলায় গত শনিবার রাতে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গভীর রাতে সুমনের মা নূরজাহান বেগম ছেলের সঙ্গে দেখা করতে থানায় আসেন। তখন মাকে তাঁর ঘরের আলমারি খুলতে মানা করেন সুমন।
পুলিশ জানায়, এদিকে আলাউদ্দিনকে খুঁজে না পেয়ে শনিবার রাতেই লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান লিটন। পরে স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে গতকাল ভোরে নবাবগঞ্জে একটি বাড়ির ছয়তলায় সুমনের বাসায় তল্লাশি করে পুলিশ। এ সময় সুমনের শোবার ঘরের স্টিলের আলমারির ভেতর থেকে লেপ প্যাঁচানো অবস্থায় আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় আলাউদ্দিনকে হত্যা করা হয়।