গ্রেপ্তার চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে কিশোরীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চারজনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ওই কিশোরীকে ধর্ষণ ও ছবি ধারণ করে ছড়িয়ে দেওয়ার মামলার মূল আসামি আরিফুর রহমানকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, গ্রেপ্তার প্রত্যেকের মুঠোফোনে কিশোরীর অশ্লীল ছবি পাওয়া গেছে। তাঁরা ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছেন। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় ছয়জন আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরিফুর রহমানসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় বলা হয়, জেলা শহরের লাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান ফুসলিয়ে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং গোপনে অশ্লীল ছবি ধারণ করেন। পরে পৌর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক বাপ্পি মল্লিক, একটি বেসরকারি টেলিভিশনের জেলা প্রতিনিধি নেসার আহমেদ জাকির, আবু তৈয়ব ও ইমন বড়ুয়ার সহযোগিতায় ফেসবুকে তা ছড়িয়ে দেন।
ওই কিশোরীর বাবা বলেন, জড়িত ব্যক্তিরা সবাই ছাত্রলীগের জেলা সম্মেলনে হামলার দায়ে সম্প্রতি বহিষ্কৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমানের ঘনিষ্ঠ। ইমন বড়ুয়া তাঁর গাড়িচালক। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সম্প্রতি বহিষ্কৃত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কাজ করেছেন। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে গত মঙ্গলবার তিনি মামলা করেছেন।
কাজী মজিবুর রহমান বলেন, তাঁর গাড়িচালক ইমন বড়ুয়ার মুঠোফোনে অশ্লীল ছবি পাওয়া গেছে বলে তাঁকে পুলিশ জানিয়েছে। অন্যদের সম্পর্কে তাঁর জানা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ রকম জঘন্য ঘটনা কেউ ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।