গ্রেপ্তার ছাড়িয়ে গেল সাড়ে আট হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযান তৃতীয় দিন পেরিয়েছে। গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। সেই হিসাবে এ নিয়ে গত তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাড়ে আট হাজারের বেশি।
এই তিন দিনের অভিযানে কেবল চট্টগ্রামে এক হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। তবে দেশের কোনো স্থান থেকে বড় কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায়নি।
দ্বিতীয় দিনের মতো বিশেষ অভিযানের তৃতীয় দিনেও রাজনৈতিক কর্মী, পরোয়ানাভুক্ত আসামি, নাশকতা, মাদক ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তারের সংখ্যাই বেশি। পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, অভিযানে গতকাল পর্যন্ত বিএনপির ২৭ এবং জামায়াত-শিবিরের ১৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় দিনে জেএমবি ও অন্যান্য জঙ্গি সংগঠনের একজন করে গ্রেপ্তার হওয়া জেলাগুলো হলো টাঙ্গাইল, শেরপুর, রাজশাহী, নওগাঁ, পাবনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও বরিশাল। দুজন করে গ্রেপ্তার করা হয়েছে যশোর ও ঝিনাইদহ থেকে। তিনজন করে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ, জামালপুর ও বগুড়া থেকে। ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে চারজন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৪ জঙ্গি ছাড়া রয়েছে পরোয়ানাভুক্ত আসামি ২ হাজার ৫৭৮, মাদকের আসামি ১৬০, অস্ত্র মামলার আসামি ১৯ এবং অন্যান্য মামলার মোট ৪৫৪ জন। জঙ্গিদের কাছ থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ৭টি ম্যাগাজিন, ৮টি চাপাতি, ৩৩টি গুলি, ২টি পেট্রলবোমা, ৩১টি ককটেলসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ৩৪ জঙ্গির মধ্যে ১০ জন নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য, ৪ জন হিযবুত তাহ্রীরের এবং ১ জন আল্লাহর দলের সদস্য। বিশেষ অভিযানের তিন দিনে পুলিশ ৮৬ জন সন্দেহভাজন জঙ্গিসহ ১১৯ জঙ্গিকে গ্রেপ্তার করল। তাঁদের মধ্যে গতকাল কক্সবাজারে গ্রেপ্তার হওয়া একজন ইমাম আছেন।
গতকাল পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। অন্যদিকে ২৮ জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরে এই সংখ্যা হলো ১৮ জঙ্গিসহ ১ হাজার ৬৯৪।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জের বন্দরে জামায়াত-শিরিরের দুই কর্মী ও খালেদ ইব্রাহীম (৪৫) নামে এক জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে বন্দর থানার নবীগঞ্জ রেললাইন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গতকাল দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুরের পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই বিভিন্ন মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
মানিকগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ সদর উপজেলার উত্তরের আমির মাওলানা মো. আনোয়ারুল্লাহ (৪৮), দক্ষিণের ওয়ার্ড সাধারণ সম্পাদক ও রুকন শেখ আবদুল বারেক (৫৭), সংগঠক আবদুল রশিদ মিয়া (৪৫), হরিরামপুর উপজেলার রুকন মো. সেকেন্দার আবু জাফর (৪৫), সিঙ্গাইর উপজেলা বিএনপির কর্মী মো. উজ্জ্বল খন্দকার (২৯) ও মো. জসিম উদ্দিন (৫০), সাটুরিয়া উপজেলা বিএনপির কর্মী আলমগীর হোসেন (৩২) এবং দৌলতপুর উপজেলা বিএনপির কর্মী আবদুস সালাম (২৬)।
চট্টগ্রামে তৃতীয় দিনে গ্রেপ্তার হয়েছে ২৮৫ জনকে। এ নিয়ে গত তিন দিনে এক হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হলেও একজনও জঙ্গি নেই। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ১০ জুন থেকে শুরু হওয়া অভিযানে শুধু নগরে ৩২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কোনো জঙ্গি নেই।
কক্সবাজারের আটটি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ গতকাল সোমবার ৯০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে রামুতে মৌলভী ইউনুস নামে এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি।
নোয়াখালীতে ৬০, লক্ষ্মীপুরে ৪৭ জনসহ দুই জেলা থেকে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীতে রোববার রাতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের দুই নেতাসহ ছয়জন ও ছাত্রশিবিরের নয়জন কর্মী-সমর্থক রয়েছেন।
ফেনী জেলার ছয়টি থানায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপির তিনজন এবং জামায়াত-শিবিরের চারজন নেতা-কর্মী রয়েছেন। অন্যরা সাজাপ্রাপ্ত পলাতক, নাশকতা, সন্ত্রাস, ডাকাতিসহ নিয়মিত মামলার আসামি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পুলিশ জহিরুল আলম (৩৫) নামে এক জেএমবি সদস্যসহ ৬৩ জনকে আটক করেছে। আটক অন্যরা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন নিয়মিত মামলার আসামি। সদর থানার ওসি মঈনুর রহমান দাবি করেন, জহিরুল ২০০৫ সালের ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছিলেন।
সিলেট জেলা ও মহানগর এলাকা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নিষিদ্ধ হিযবুত তাহ্রীরের একজন এবং জামায়াত-শিবিরের পাঁচজন কর্মী-সমর্থক রয়েছেন।
মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি রবিউল ইসলাম ওরফে সুহেলকে (৩২) গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। জুড়ী উপজেলায় নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির উপজেলা কমিটির সভাপতি ফখরুল ইসলাম (৫০) গ্রেপ্তার হয়েছেন। তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়।
রাজশাহীতে জেএমবির একজন, জামায়াতের দুই কর্মীসহ ১০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন জেএমবি সদস্য ও পরোয়ানাভুক্ত জামায়াতের দুই কর্মী রয়েছেন।
রোববার মধ্যরাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি থানা থেকে ৩১ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন জামায়াতের কর্মী। একজন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর কমিটির নায়েবে আমীর নুরুল হুদা (৫২) ও অন্যজন গোমস্তাপুরের চৌডালা ইউপি কার্যনির্বাহী পরিষদের সদস্য ওয়ালিউল্লাহ (৪৪)। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া থেকে রোববার গভীর রাতে অস্ত্রসহ ওমর ফারুক (৩০) নামে এক স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি হিযবুত তাহ্রীরের জেলা প্রধান।
বগুড়ায় জেএমবির তিন সদস্যসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জেএমবির তিন সদস্য হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া গ্রামের আবু তাহের (৩৫), গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের আহসান হাবিব (৩৬) ও শিবগঞ্জ উপজেলার আবদুল আওয়াল (২৫)। সহকারী পুলিশ সুপার গাজিউর রহমানের দাবি, আবু তাহের জেএমবির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
কুড়িগ্রামে জেএমবির দুই সদস্যসহ ৩১ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোরে আটক এই দুজন হলেন সুমন পারভেজ (১৯) ও হাসানুর রহমান (১৯)। পৌরসভার কুমারপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রংপুরের আট উপজেলায় গ্রেপ্তার হয়েছে ৮৬ জন। তাঁদের মধ্যে জাহিদ হাসান নামে একজন জেএমবির সদস্য বলে পুলিশ দাবি করেছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন, সিংড়ার শিবিরের তিন কর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে রোববার রাতে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা থেকে জেএমবির সদস্যসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে জেএমবির সদস্য আতিকুর রহমানকে (২৫) গতকাল ভোরে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নাশকতা মামলায় গতকাল পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জে বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীসহ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শেরপুরে জেএমবির দুই সদস্য, জামায়াতের এক নারী নেত্রীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেএমবির সদস্য মো. আনসার আলী (৫০) ও তাঁর ছেলে মো. আজহারুল ইসলাম (২৫), জামায়াতের নারীনেত্রী জান্নাতুল নাসরিন, শিবির কর্মী সোলায়মান কবীর ও আল্লাহর দলের কর্মী মনিরুজ্জামান মনির। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা জেলা থেকে ১২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১৩ জন জামায়াতের, একজন শিবিরের এবং দুজন বিএনপির নেতা-কর্মী। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
জামালপুরে ৩৪ জন গ্রেপ্তার হয়েছে। তাঁদের গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় পুলিশ জামায়াতের আটজন জামায়াতের নেতা-কর্মীসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে আসাদুজ্জামান নামে একজন জামায়াতের রুকন। তাঁর বাড়ি উপজেলার খানপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে নিয়মিত মামলা এবং ২৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নড়াইলে দুজন জামায়াত কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সদর থানায় জামায়াতের এক কর্মীসহ ১৯ জন, লোহাগড়ায় জামায়াতের এক কর্মীসহ ১৫ জন, কালিয়ায় চারজন এবং নড়াগাতী থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুরে জেএমবির এক সদস্যসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেএমবি সদস্যের নাম আকরামুজ্জামান (২৮)। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক প্রথম আলোকে বলেন, আকরামুজ্জামান তালিকাভুক্ত বিস্ফোরক ও রাষ্ট্রদ্রোহ মামলার পলাতক আসামি।
যশোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যসহ ৯২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন জঙ্গি সদস্য ছাড়াও জামায়াতে ইসলামীর ২০ ও বিএনপির ৪ জন কর্মী রয়েছেন।
ফরিদপুরের নয়টি থানা থেকে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪৬ জন, মাদক বিক্রেতা ৬ জন, বিভিন্ন অভিযোগে ২২ জন এবং সন্দেহভাজন হিসেবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২টি অস্ত্র, ৮৫৭টি ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জঙ্গিবিরোধী পুলিশের অভিযানে গ্রেপ্তার
দিন জঙ্গি মোট
শনিবার ৩৭ ৩,১৫৫ জন
রোববার ৪৮ ২,১৩২ জন
সোমবার ৩৪ ৩,২৪৫ জন
তিন দিনে মোট ৮,৫৩২ জন