গ্রেপ্তার জামায়াত নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতের নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় পুলিশের তিন কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মোহাম্মদ হাসেম উপজেলার চরতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। তাঁর বাড়ি ইউনিয়নের পশ্চিম দুরদুরি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপপরিদর্শক মো. ইখতিয়ার উদ্দিন ও হিরু বিকাশের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চরতি ইউনিয়নের তালগাঁও সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ হাসেমকে গ্রেপ্তার করে। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে ওঠানোর সময় স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা বাধা দেন। পরে তাঁরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে জামায়াতের নেতাকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। খবর পেয়ে সাতকানিয়া থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচ-ছয়টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে আরও ১৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, তিনটি নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতের নেতা হাসেমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় উপপরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার উদ্দিন, হিরু বিকাশ, সহকারী উপপরিদর্শক আনসারুল হক, কনস্টেবল আবদুল হাই, মো. আলাউদ্দিন ও কামরুল ইসলাম আহত হন। তাঁরা স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ওই এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।