গ্রেপ্তার জিয়াত ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় স্কুলছাত্রী উম্মে কুলসুম ওরফে ঋতুর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার শেখ মো. নেওয়াজ ইবনে আকরাম ওরফে জিহাদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 
আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খিলগাঁওয়ের নন্দীপাড়ার ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী উম্মে কুলসুম। গত শনিবার বিষপানে সে আত্মহত্যা করে। পরিবার ও স্কুলের শিক্ষকদের অভিযোগ, স্থানীয় শিমুল নামের এক বখাটেসহ কয়েকজনের উৎপাত সইতে না পেরে উম্মে কুলসুম আত্মহত্যা করেছে।
ঘটনার পর কুলসুমের মা সাথী আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় শিমুল ও তাঁর পরিবারের আরও চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যার দিকে নন্দীপাড়া এলাকা থেকে শিমুলের বন্ধু জিয়াতকে গ্রেপ্তার করে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, জিয়াতও ঘটনার সঙ্গে জড়িত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে ঘটনায় জড়িতদের ব্যাপারে আরও তথ্য নেওয়া হবে। তবে শিমুলসহ তাঁর পুরো পরিবার এখনো পলাতক। তাঁদের ধরার চেষ্টা চলছে।