গ্রেপ্তার তিনজনকে রশি বেঁধে ঘোরানো হলো শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার তিন তরুণকে কোমরে রশি বেঁধে শহরে ঘোরানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পৌর শহরে কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন আক্কেলপুর পৌর শহরের শান্তনগর মহল্লার সবুজ হোসেন (২৩), বিহারপুর মহল্লার মোহন কুমার (২০) ও সুজন হোসেন (২৫)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের মোটরসাইকেল চুরির পরিকল্পনা ও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় কীভাবে পরিকল্পনা ও মোটরসাইকেল চুরি করেছিলেন, তা রেকি করে দেখিয়েছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সামনে একটি মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল। পেছনে কোমরে রশি বাঁধা ও শরীরে ‘মোটরসাইকেল চোর’ লেখা তিন তরুণ হাঁটছিলেন। তাঁদের পেছনে ছিল একদল পুলিশ। প্রথমে তাঁদের শহরের কলেজ বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনা হয়। এরপর কাঁচাবাজারের সামনে নিয়ে যাওয়া হয়। এ সময় তিন তরুণ বলছিলেন ‘আমরা মোটরসাইকেল চুরি করেছি’। বিপুলসংখ্যক মানুষ তাঁদের দেখার জন্য ভিড় করে।
এ ব্যাপারে ওসি আশরাফুল ইসলাম আরও বলেন, উপজেলার শ্রীকৃষ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ৮ সেপ্টেম্বর রাতে শহরের কলেজ হাটের কাঁচামালপট্টির একটি বাড়ির সামনে তাঁর মোটরসাইকেলটি রেখে প্রাইভেট পড়াচ্ছিলেন। পরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা করেন। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।