সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রাজীব সরকার ও অমল সরকারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে ধরমপাশা উপজেলার আবিদনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাহিরপুরের ওই গৃহবধূ গত সোমবার রাতে নিজ ঘরে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত বুধবার দুপুরে গ্রাম্য সালিসে রাজীব ও অমলকে অভিযুক্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিসের এই রায় মানতে পারেননি গৃহবধূর স্বামী। তিনি ক্ষোভে-অপমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ বলেন, ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হওয়া মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানির দিন ধার্য হয়নি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।