গ্রেপ্তার দুজন ১০ দিনের রিমান্ডে, চার প্রতিনিধি রংপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি নাগরিক হত্যা
জাপানি নাগরিক হত্যা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় দুজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এঁরা হলেন রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী ওরফে বিপ্লব এবং নিহত জাপানি নাগরিক কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবির ওরফে হীরা। গত সোমবার সন্ধ্যায় তাঁদের বিচারিক হাকিম আবু তালেবের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন।
এদিকে নিহত কুনিওর মরদেহ ঢাকায় আনতে রংপুর এসেছে চার সদস্যের জাপানি প্রতিনিধিদল। তাঁরা গতকাল দুপুরে রংপুরে পৌঁছান এবং সেখানে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া অপর দুই জাপানি কর্মকর্তা গতকাল কাউনিয়ার আলুটারি গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুনিও হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা গতকাল গণমাধ্যমকে জানায় পুলিশ। এই দুজনকে গত শনিবারই পুলিশ আটক করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। হমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের কথা স্বীকার করলেও রাশেদকে আটকের বিষয়টি এর আগে স্বীকার করেনি পুলিশ। গতকাল হঠাৎ করেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত সোমবার সন্ধ্যাতেই এই দুজনকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুজনকে আটকের পর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলায় আসামি করা হয়েছে। মামলায় উল্লিখিত অন্য আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।
গত সোমবার আদালতে আসামিদের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। হুমায়ুনের স্ত্রী পারভিন খাতুন প্রথম আলোকে বলেন, টিভির খবর থেকে তাঁরা হুমায়ুনকে রিমান্ডে নেওয়ার তথ্য পেয়েছেন।
এদিকে গতকাল বিকেলে জাপানি নাগরিক কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তিনি সুস্থ বলে চিকিৎসকেরা ছাড়পত্র দিলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর স্ত্রীকেও পাশে রাখা হবে বলে জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন। রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে (যাঁদের বাড়ির সামনে হত্যাকাণ্ড) এখনো ছেড়ে দেওয়া হয়নি।

আরও পড়ুন: