
চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।
গত বুধবার বিকেলে উপজেলা সদরের জয়কালীবাজার–সংলগ্ন ডুমুরিয়া-রূদুরা সড়কের মাথায় দুর্বৃত্তদের হামলায় আহত হন নজরুল ইসলাম ও তাঁর এক সহযোগী।
হামলার প্রতিবাদে গতকাল সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জয়কালীহাট ও উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
কলেজ ছাত্রলীগের সহসভাপতি এস এম খোরশেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, বৈরাগ ইউপির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
এ ছাড়া উপজেলার শাহ মোহছেন আউলিয়া কলেজ ছাত্রলীগ ও বৈরাগ ইউনিয়ন ছাত্রলীগ প্রতিবাদ সভা করেছে।
এদিকে আহত নজরুলকে বুধবার মধ্যরাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল সকালে সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে।
আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আবছার প্রথম আলোকে বলেন, আগামী ২৪ ঘণ্টার (শুক্রবার বেলা তিনটা) মধ্যে নজরুলের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে না পারলে বড় কর্মসূচি দেওয়া হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, নজরুলের ওপর হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি জানান, হামলার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।