গ্রেপ্তার পাঁচ, আতঙ্কে গ্রামছাড়া অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর এলাকাবাসীর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ অবস্থায় গ্রেপ্তার-আতঙ্কে অনেকেই গ্রামছাড়া হয়েছেন বলে জানা গেছে।

গতকাল রোববার উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন গ্রাম ঘুরে লোকজন ও পুলিশের মামলা সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর হামলার রাতেই মামলার তদন্ত কর্মকর্তা রায়গঞ্জ থানার উপপরিদর্শক আশফাকুর রহমান ওই গ্রামের তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেন। তাঁদের পরের দিনই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে এখন অনেকেই বাড়িছাড়া।

গ্রামের তিনজন বাসিন্দা বলেন, পুলিশের সঙ্গে যাঁরা এ আচরণ করেছেন তাঁরা অবশ্যই শাস্তি পাওয়ার মতো কাজ করেছেন। কিন্তু এ ঘটনায় নিরীহ মানুষও নিরাপদ বোধ করছেন না।

ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ। কিন্তু সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি আজ সোমবারের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলবেন বলে তিনি জানান।

রায়গঞ্জ থানার ওসিমাহবুবুল আলম ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। রায়গঞ্জ উপজেলা ইউএনও ইকবাল আখতার বলেন, ‘ঘটনা শুনেছি এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে বলে জেনেছি।’

১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা একটি নারী নির্যাতন মামলার ১ নম্বর আসামি হাসিল হোসেন গ্রামের আবদুর রহমানের ছেলে ইমান আলীকে (৩২) গ্রেপ্তার করতে সদর থানার এসআই সেলিম কয়েকজন পুলিশ সদস্য ও মামলার বাদীপক্ষের সাক্ষী জহুরুল ইসলামকে সঙ্গে নিয়ে ওই গ্রামে যান। গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ইমান আলীকে গ্রেপ্তারের সময় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্ষুব্দ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। পুলিশ সদস্যদের অবরুদ্ধও করে রাখে। এ বিষয়ে এসআই সেলিম বাদী হয়ে রায়গঞ্জ থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।