জাপানি নারী হিরোয়ে মিয়াতার (৬১) মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের আবেদনের বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার। পুলিশ বলছে, ময়নাতদন্ত করা হলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। এ জন্য আদালতে এই আবেদন করা হয়েছে।
হিরোয়ে মিয়াতার মৃত্যুর ঘটনায় গত রোববার রাতে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন ওই থানার পরিদর্শক (অভিযান) মো. মিজানুর রহমান। মঙ্গলবার পুলিশ ঢাকা ও লক্ষ্মীপুর থেকে এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে চার দিন করে রিমান্ডে নেয়। তাঁরা হলেন মো. মারুফুল ইসলাম, রাশেদুল হক, ফখরুল ইসলাম, বিমল চন্দ্র শীল ও মো. জাহাঙ্গীর। পলাতক রয়েছেন জাকির পাটোয়ারী নামের এক আসামি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া গতকাল বুধবার বলেন, রিমান্ডে নেওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে মিয়াতার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন থেকে জানা যাবে। তাই তাঁর মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, রিমান্ডের প্রথম দিনে ওই পাঁচজন মিয়াতার মৃত্যুকে হত্যা বলে স্বীকার করেননি। তাঁরা দাবি করছেন, অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
গত ২৯ অক্টোবর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে জাপানি নাগরিক হিরোয়ে মিয়াতার মরদেহ হালিমা খাতুন পরিচয়ে দাফন করেন হালিমার নাতি দাবিদার মারুফুল ইসলাম।