চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে গতকাল সোমবার বাঁশখালী থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ মঙ্গলবার তাঁদের বাঁশখালীর বিচারিক হাকিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাছান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার পাঁচ জঙ্গিকে আসামি করে বাঁশখালী থানায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করেছে র্যাব। মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করে অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। তিনি জানান, প্রয়োজনে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে আদালতে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচ জঙ্গির কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।
বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের দুর্গম লটমনি পাহাড় থেকে জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোবাশ্বের হোসেন, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, আমির হোসেন ও আবদুল খালেক। র্যাবের দাবি, তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে মাটি খুঁড়ে অস্ত্র, গুলি ও প্রশিক্ষণের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, বাঁশখালীর লটমনি পাহাড় থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হাবিবুর রহমানের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর গ্রামে।
হাবিবুর রহমানের বাবা শরবেশ আলী বর্গাচাষি।
হাবিবুরের গ্রামের বাড়িতে গিয়ে জানা যায়, তিনি এলাকায় তাসিন নামে পরিচিত। তাঁর বাবা জানান, হাবিবুর হাটহাজারী মাদ্রাসার ছাত্র। তিনি বাড়িতে খুব কম আসতেন।
শরবেশ আলী বলেন, গতকাল পত্রিকা ও টেলিভিশনের খবরের মাধ্যমে তিনি এ খবর জেনেছেন।
পারিবারিক সূত্র জানায়, সর্বশেষ গত ঈদে হাবিবুর বাড়ি আসেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, হাবিবুর সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
সংশোধনী: বাঁশখালীর পাহাড়ে ‘জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ছমির উদ্দিন দাবি করেন, দুই বছর ধরে এখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গতকাল পাঠানো লিখিত বক্তব্যে খন্দকার ছমির উদ্দিন বলেন, প্রকৃতপক্ষে তিনি বলেছেন, দুই বছর ধরে ওই পাহাড়ে গরু-ভেড়ার খামার তৈরি করা হয়।