গ্রেপ্তার বা বরখাস্ত হলেন না প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয় প্রায় এক মাস আগে। কিন্তু পুলিশ আজও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসী ও ছাত্রীদের পরিবারের অভিযোগ, থানায় মামলা, সাময়িক বরখাস্ত করতে ব্যবস্থাপনা কমিটির সুপারিশ, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পরেও প্রধান শিক্ষক মোকসেদুর রহমানের কিছুই হয়নি। অথচ ভয়ে, লজ্জায় বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে ওই ছাত্রীরা।
ওই তিন ছাত্রীর অভিভাবকেরা বলেন, মেয়েরা তাদের আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে। অপর এক ছাত্রীকে বাড়িতে পাওয়া যায়। সে জানায়, খুবই ভয়ে থাকে সে। বিদ্যালয়েও যায় না। তার অভিভাবক বলেন, ‘ওই হেডমাস্টার খুব ভয়ানক আর টাকাওয়ালা। পুলিশই তাঁরে ধরতে পারতেছে না। এদিকে উনি নানাভাবে আমাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। আমরা মেয়েটাকে আর স্কুলে পাঠাবার সাহস পাই না।’
প্রধান শিক্ষক মোকসেদুর রহমান মুঠোফোনে ওই ছাত্রীদের যৌন নিপীড়ন করার অভিযোগ অস্বীকার করে বলেন, ইতিপূর্বে বিদ্যালয়ে পিয়ন নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় একটি পক্ষ তাদের লোক নিতে অনুরোধ করেন। কিন্তু ওই অনুরোধ না রাখায় ওই পক্ষটি মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করছে। তবে অভিভাবকেরা বলেন, তাঁরা যৌন নিপীড়নের ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ১৪ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করেছে ২৪ এপ্রিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোকসেদুর রহমান গত দুই বছর বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিন ছাত্রীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। নানা ভয়ভীতি দেখিয়ে তিনি ওই ছাত্রীদের মুখ বন্ধ রাখেন। কিন্তু একপর্যায়ে অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেয় তারা। পরে অভিভাবকেরা গত ১৪ এপ্রিল এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর পর থেকে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে না আসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আশা রাণী রায় দায়িত্ব পালন করছেন।
উপজেলার ভারপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার গোস্বামী বলেন, গত ১৫ এপ্রিল থেকে ওই প্রধান শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ইউএনওর মারফত বিষয়টি জানতে পেরে কমিটি করে ঘটনা তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সুপারিশসহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে গত ১৬ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তিনি চিঠি দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেস বলেন, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উপপরিচালকের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ ইচ্ছা করলে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করতে পারে। পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কিউ এম কিবরিয়া সোহরাওয়ার্দী বলেন, ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।