গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দাবি করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রাম জেলা শাখার সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে সংগঠনের নেতারা এ দাবি জানান। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি না দিলে আগামী রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামে ওষুধের দোকান বন্ধ রাখা হবে বলে হুমকি দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে গতকাল জামালখান সড়কের এক পাশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গত মঙ্গলবার নগরের হাজারী গলির কাছে পুরোনো গির্জা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তখন পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে নিয়ে যায়। পরে রাতে হামলার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় আটক ১৫ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রামের সহসভাপতি নুরুল গণি। বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, সমিতির চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।
সমাবেশে কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, পুলিশ ১২ জন ব্যবসায়ী ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।
সমাবেশে নুরুল গণি বলেন, গ্রেপ্তার ১২ জনকে মুক্তি দেওয়া না হলে আগামী রোববার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ রাখা হবে। এরপর সোমবার থেকে প্রয়োজনে টানা কর্মসূচি দেওয়ারও হুমকি দেন তিনি।