চট্টগ্রামে দিনদুপুরে ব্যস্ত সড়কে স্বেচ্ছাসেবক লীগের কর্মী ইব্রাহীম হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিহত ইব্রাহীমের স্ত্রী লুৎফুন নাহার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার এক আসামি মো. রানাসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ–ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। বাকি আসামিরা হলেন মো. আলী, রাহুল দাশ, এমরান ওরফে কালা ও সুমন। তাঁদের ধরতে অভিযান চলছে। আধিপত্য বিস্তার ও দোকান দখলকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
গত রোববার দুপুর ১২টার দিকে নগরের জিপিও (জেনারেল পোস্ট অফিস) কার্যালয়ের বিপরীত দিকের সড়কে আলকরণ মোড়ে ইব্রাহীম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে পালানোর সময় মো. রানা নামের এক যুবককে আটক করে পুলিশ।