পুলিশ সদর দপ্তরে তদবির করতে এসে গতকাল বুধবার গ্রেপ্তার হলেন লক্ষ্মীপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী দল ‘জিহাদী বাহিনী’র প্রধান আবুল কাশেম জিহাদী।
পুলিশ সূত্র জানায়, পাঁচটি হত্যাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি আবুল কাশেম জিহাদী গতকাল বেলা তিনটার দিকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে আসেন মামলার তদবির করার জন্য। পুলিশ সদর দপ্তরে তদবিরকারক হিসেবে পরিচিত জনৈক মঞ্জুর (গোপালগঞ্জের মঞ্জু হিসেবে পরিচিত) মাধ্যমে কাশেম জিহাদী অতিরিক্ত আইজিপি (প্রশাসন) শহীদুল হকের কক্ষে যান। তখন শহীদুল হক লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে টেলিফোন করে জিহাদীর সম্পর্কে খোঁজ নিয়ে তাঁর আসল পরিচয় জানতে পারেন। এরপরই শাহবাগ থানার পুলিশকে ডেকে কাশেম জিহাদীকে গ্রেপ্তার করানো হয়।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘দর্শনার্থী হয়ে পুলিশ সদর দপ্তরে নানা ধরনের লোকজন আসে। এ রকম দর্শনার্থী হয়ে কাশেম জিহাদী আমার কাছে আসেন। খোঁজ নিয়ে জানতে পারি, তাঁর বিরুদ্ধে হত্যা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তখন শাহবাগ থানার পুলিশ ডেকে তাঁকে গ্রেপ্তার করানো হয়।’
পুলিশসহ স্থানীয় সূত্রগুলো জানায়, আবুল কাশেম জিহাদী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম, দত্তপাড়ার আবু তাহের, বশিকপুরের নন্দীগ্রামের মোরশেদ আলম, করপাড়ার মনির হোসেন, উত্তর জয়পুরের সেলিম ভূইঁয়া ও কামাল হোসেন হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া ২০০০ সালে লক্ষ্মীপুরের বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামকে হত্যা মামলারও আসামি ছিলেন তিনি। যদিও পরে সাক্ষী-প্রমাণের অভাবে তিনি মামলা থেকে খালাস পান।
কাশেম জিহাদী একসময় জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। পরে তিনি লক্ষ্মীপুর আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগে যোগ দেন। তাঁর আসল নাম আবুল কাশেম। ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় প্রতিপক্ষের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তিনি অনুসারীদের কাছ থেকে ‘জিহাদী’ উপাধি পান। চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুন, ডাকাতি, বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে এলাকায় ত্রাস হিসেবে আবির্ভূত হয় তাঁর নেতৃত্বাধীন জিহাদী বাহিনী। এ বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় লক্ষ্মীপুর সদর থানা ও দত্তপাড়া ফাঁড়ির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ বাহিনীর গুলির মুখে পুলিশ প্রতিবারই পিছু হটে। ২০১১ সালে অস্ত্র আর বাহিনীর জোরে ‘ভোট ডাকাতি’ করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন বলে তাঁর বিরুদ্ধে তখনই অভিযোগ উঠেছিল।
লক্ষীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত আইজিপি তাঁর কাছে ফোন করলে তিনি কাশেম জিহাদীর অপরাধের বিষয়ে বিস্তারিত জানান। এরপর জিহাদীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে লক্ষ্মীপুরে আনতে পুলিশ পাঠানো হয়েছে।