ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে চাঞ্চল্যকর বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। গত শনিবার ঝাড়খন্ড রাজ্যের তিলভিট্টা স্টেশনের কাছ থেকে ইব্রাহিম শেখ ওরফে লাল মোহাম্মদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এনআইএর ভাষ্য, ইব্রাহিম শেখ মুর্শিদাবাদের লালগোলার মুকিমনগর মাদ্রাসার প্রধান। মুর্শিদাবাদের নবগ্রাম থানার সাহেবনগর গ্রামের বাসিন্দা তিনি। ঝাড়খন্ডের পুলিশের এডিজি (অপারেশনস) সত্যনারায়ণ প্রধান জানিয়েছেন, ভারতীয় হয়েও ইব্রাহিম বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) সদস্য ছিলেন।
গত বছরের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর ইব্রাহিম শেখ এলাকা থেকে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে ইব্রাহিমকে খুঁজছিল এনআইএ। ঝাড়খন্ডের পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় ইব্রাহিমের কাছ থেকে একটি রিভলবার, ছয়টি গুলি, চারটি বোমা এবং জেএমবির বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।