গ্রেপ্তার সুমনের ব্যাপারে নিশ্চিত নন প্রকাশক টুটুল
প্রকাশক আহমেদুর রশীদ (টুটুল) বলেছেন, তাঁকেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া সুমন হোসেন পাটোয়ারীর জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত নন তিনি।
সুমনকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে টুটুল এ কথা বলেন। শুদ্ধস্বর প্রকাশনীর এই স্বত্বাধিকারী এখন দেশের বাইরে আছেন। প্রথম আলোর পক্ষ থেকে তাঁর সঙ্গে অনলাইনে যোগাযোগ করা হলে লিখিত প্রতিক্রিয়া জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়, তারা গত বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সুমন হোসেন পাটোয়ারী (২০) ওরফে সাকিব ওরফে সিহাব ওরফে সাইফুল নামের একজনকে গ্রেপ্তার করেছে। এই সুমন নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তিনি টুটুলকে নিজ হাতে কুপিয়েছিলেন।
পুলিশের দাবির বিষয়ে জানতে চাইলে লিখিত বক্তব্যে টুটুল বলেন, ‘প্রথমত, আমি এখনো নিশ্চিত নই, পুলিশ যা বলছে তা সত্য কি না। কারণ, অভিজিৎ ও অন্য ব্লগারদের হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট অপরাধীকে তারা আটক করতে পারেনি। কিন্তু গত দেড় বছরে এ রকম ফলাও করে প্রচার করা হয়েছে বেশ কিছু আটকের খবর। ডিবি সাংবাদিক ডেকে বলেছে, এটাই হলো অভিজিতের খুনি। কিন্তু কদিন পর আইজিপি বলেছেন, এখনো ধরা সম্ভব হয়নি। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই তো ধরে ফেললাম বলে। তো এই সব অসংলগ্নতা আমরা দেখে আসছি একের পর এক। এই সব কারণে আমি গতকালের এই আটকের ব্যাপারে নিশ্চিত হতে পারছি না এখনো।’
টুটুল বলেন, ‘ছবি দেখে বা সামনাসামনি দেখে আমার পক্ষে কীভাবে সম্ভব আটককৃত আততায়ী কি না, তা শনাক্ত করা। কারণ এত দ্রুত, এত কম সময়ের মধ্যে ঘটনা ঘটেছে যে কিছু বুঝে ওঠার আগেই ওরা অপারেশন করে তালা মেরে চলে গেছে।’
টুটুল বলেন, ‘আটককৃত এই সুমন যদি সত্যি সেদিনের খুনি গ্রুপের কেউ হয়ে থাকে, তা হলে যেন তাকে বিচারের মুখোমুখি করা হয়। এবং সঙ্গে সঙ্গে সে (সুমন) যে আদর্শিক কারণে খুন করতে এসেছিল, সেই বোধ, বিশ্বাস ও আদর্শের অসারতা, অনুপযোগিতা ও অমানবিকতা সম্পর্কে বুঝতে পারার সুযোগ দেওয়া হয়।’
গত বছরের ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। একই দিনে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশক ফয়সল আরেফিনকে (দীপন)।
গত ১৯ মে লেখক অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিনসহ অন্তত ১০টি হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে ধরিয়ে দিতে তাঁদের নাম ও ছবি গণমাধ্যমে প্রকাশ করে ডিএমপি। পুলিশ বলছে, এই ছয়জনের একজন সুমন। বাকি পাঁচজন হলেন শরিফুল, সেলিম, সিফাত, রাজু ও সাজ্জাদ। এঁদের ধরিয়ে দিলে দুই থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
আরও পড়ুন...
পুরস্কারঘোষিত এক জঙ্গি গ্রেপ্তার