শেরপুরের শ্রীবরদী উপজেলায় কিশোরীকে ধর্ষণ ও এর ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
গতকাল ওই কিশোরী জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নেছা খানমের আদালতে জবানবন্দি দেয়। আদালত আজ রোববার গ্রেপ্তার হওয়া আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
থানা-পুলিশ সূত্র জানায়, ওই কিশোরী খেলনা পুতুলের চুল তৈরির একটি কারখানায় কাজ করত। গত ১৬ ফেব্রুয়ারি কারখানার মালিক ও শ্রমিকেরা বনভোজনে যান। রাতে মেয়েটিকে বাড়ি পৌঁছে না দিয়ে এক তরুণ বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং অপর তরুণ তা ভিডিও করেন। মেয়েটিকে এ কথা কারও কাছে না বলার জন্য হুমকি দেওয়া হয়। পরে ভিডিও চিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়। গত বুধবার কিশোরীটির বাবা মামলা করেন। এ ঘটনায় শুক্রবার এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই এমদাদুল হক বলেন, মামলার প্রধান আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।