গ্রেপ্তার হচ্ছে না কপিলের খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত কপিল বাড়ৈয়ের (২০) মুঠোফোন থেকে গত বুধবার রাতেও মুক্তিপণের দাবিতে খুদে বার্তা এসেছে। কিন্তু তিন দিনেও পুলিশ মুঠোফোনটি উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার হয়নি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ। পুলিশ বলছে, খুনিরা অনবরত তাদের অবস্থান পরিবর্তন করছে। তাই তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
গত সোমবার রাতে বারিধারার জে ব্লকে নির্মাণাধীন একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কপিলের লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, হত্যার পর কপিলের মুঠোফোনটি নিয়ে যায় হত্যাকারীরা।
কপিলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার দুপুর থেকে কপিলের মুঠোফোন নম্বর থেকেই তাঁর মুক্তিপণের দাবিতে তাঁর বাবার মুঠোফোনে খুদে বার্তা আসে। লাশ উদ্ধারের পরও মঙ্গলবার অন্তত পাঁচটি এবং বুধবার রাত আটটার দিকে আরেকটি খুদে বার্তা এসেছে।
কপিল হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতে কপিলের বড় ভাই প্রণব বাড়ৈ বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই জাকির হোসেন জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত ব্যক্তির মুঠোফোন থেকে একের পর এক খুদে বার্তা এলেও কেন আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না—জানতে চাইলে এসআই বলেন, যে বা যারা খুদে বার্তা পাঠাচ্ছে, তারা এক স্থান থেকে খুদে বার্তা পাঠানোর পর অন্য জায়গায় চলে যাচ্ছে। তাই তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। হত্যাকারী সম্পর্কে কোনো ধারণা বা হত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, এ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।