বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা আবদুল করিম চৌধুরীকে ১৪ ডিসেম্বর মধ্যরাতে ধরে নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে ধর্মের অবমাননা করেছেন। সিলেট কোতোয়ালি থানায় টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়, আবদুল করিমের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, অন্য কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে তাঁকে ফাঁসাতে চেয়েছেন।
শুধু আবদুল করিম নন, তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে ফেসবুক ব্যবহারকারী অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি রামু, নাসিরনগরসহ বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় প্রাণহানি পর্যন্ত হয়েছে। কিন্তু মূল অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মূল অপরাধীদের ধরতে না পারার কথা পুলিশও স্বীকার করছে। জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (অপরাধ ব্যবস্থাপনা) হুমায়ুন কবির বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক অপরাধ দমনে পুলিশের দক্ষ জনবল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে। এ জন্যই রামুর ঘটনার মূল অপরাধীকে ধরা যায়নি। তিনি বলেন, ধীরে ধীরে এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সিআইডিতে সাইবার অপরাধ-সংক্রান্ত ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ কাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) সাইবার অপরাধ প্রতিকারে কাজ করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ বছরের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বিটিআরসি গ্রাহক অভিযোগকেন্দ্রে ফেসবুক-সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ১ হাজার ১০৩টি। তবে পুলিশের কাছ থেকে এ ধরনের অভিযোগ-সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেন, গ্রাহকের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এত দিন ফেসবুক ও ইউটিউবের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি ছিল না। এখন দ্বিপক্ষীয় চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সেফটি সলিউশন যন্ত্রপাতি কেনারও উদ্যোগ নেওয়া হয়েছে।
সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে সংবাদ সম্মেলন করে। এতে বাপার সহসভাপতি ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, যেভাবে আবদুল করিমকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, ঠিক একইভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ঘিরে ধর্মের নামে মিথ্যা প্রচার চালানো হয়েছে। তারপর সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। কিন্তু যারা সাম্প্রদায়িক উসকানি দিয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অন্যের নামে মিথ্যা প্রচার চালিয়েছে, তাদের কেউ গ্রেপ্তার হয়নি। এ সময় তিনি কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ কয়েকটি হামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এমন হুমকি থেকে কেউ নিরাপদ নন, যে কেউ এর শিকার হতে পারেন।
ভুক্তভোগী আবদুল করিম বলেন, ঘটনার কিছুই তিনি জানতেন না। এ ঘটনায় তিনি নিজেই সিলেট বিমানবন্দর থানায় মামলা করেছেন। কিন্তু ঘটনার ১০ দিন পরও আবদুল করিমের নামে মিথ্যা প্রচারকারী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, একটি ভুয়া ফেসবুক আইডি দিয়ে আবদুল করিমের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছিল। আইডিটি এখন বন্ধ। তদন্ত চলছে। শিগগিরই মূল ব্যক্তি গ্রেপ্তার হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে উত্তম বড়ুয়া নামে এক ব্যক্তির ফেসবুকে কোনো একজন পবিত্র কোরআনের অবমাননামূলক একটি ছবি ‘ট্যাগ’ করেন। এরপর দায় চাপানো হয় উত্তম কুমারের ওপর। ওই রাতেই হামলা চালিয়ে রামুর ১২টি বৌদ্ধ ও ২টি হিন্দু মন্দির এবং ৪০টি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। শতবর্ষের সম্প্রীতি ও ঐতিহ্য পুড়ে ছাই হয়। কিন্তু আজও জানা যায়নি কে উত্তম বড়ুয়াকে ছবিটি ট্যাগ করেছিলেন।
২০১৪ সালে কুমিল্লার হোমনায় ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির গুজব রটিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। সর্বশেষ গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে রসরাজ দাস নামে এক জেলের বিরুদ্ধে ফেসবুকে ধর্মের অবমাননার অভিযোগ আনা হয়। পরে সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুর চালানো হয়। আগুনে একজন মারা যান। পরে পুলিশ নিশ্চিত করে রসরাজ এ কাজ করেননি।
গতকাল সংবাদ সম্মেলনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া) সৈয়দ বজলুল করিম বলেন, অপরাধে নতুন মাত্রা যোগ করেছে সাইবার অপরাধ। সরকারকে এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। প্রয়োজনে আউটসোর্সিংয়ের ব্যবস্থা করতে হবে। এখনই এ ধরনের অপরাধ মোকাবিলায় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেশ বড় বিপদে পড়বে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আবদুল করিম। তিনি বলেন, যতটা ক্ষিপ্রতার সঙ্গে আবদুল করিমকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, এখন মূল অপরাধীদের ধরতে পুলিশের ততটা ক্ষিপ্রতা দেখা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, শারমিন মুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।