মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চাকরি দেওয়ার কথা বলে ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হলেও প্রধান আসামি শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা যায়নি। আত্মসাৎকৃত ওই অর্থও ফেরত পাননি ভুক্তভোগীরা।
তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানিয়েছে, প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারে চেষ্টা চলছে।
গত বছরের ১ অক্টোবর অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী সাটুরিয়ার রাধানগর গ্রামের আবদুল বারেক জেলা বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। এতে সাটুরিয়ার বাছট গ্রামের শহিদুল ইসলাম ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের মিলন কে বিশ্বাসসহ চারজনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২০ অক্টোবর সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি নথিভুক্ত করেন। পরবর্তী সময়ে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবদুল বারেকের শ্বশুরবাড়ি এবং শহিদুল ইসলামের বাড়ি উপজেলার বাছট গ্রামে হওয়ায় তাঁদের মধ্যে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে প্রতারক চক্রের সদস্য শহিদুল ও মিলন কে বিশ্বাস বিভিন্ন ব্যাংকে কর্মকর্তা পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের বিভিন্ন সময় আবদুল বারেক ও তাঁর স্ত্রী রাশিদা আক্তার এবং উপজেলার চাচিতারা গ্রামের সোলায়মান হোসেনের কাছ থেকে ওই দুই প্রতারক নগদ নয় লাখ এবং ব্যাংক চেক ও বিকাশের মাধ্যমে আরও আট লাখ টাকা নেয়।
জেলা ডিবির কার্যালয় সূত্র জানায়, ডিবি পুলিশ গত মঙ্গলবার দুপুরে উত্তরা থেকে মিলনকে গ্রেপ্তার করে। বুধবার আদালতে মিলন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ভুক্তভোগী রাশিদা আক্তার বলেন, প্রতারণা চক্রের মূল হোতা শহিদুল। তাকে গ্রেপ্তার করা গেলে আত্মসাতের টাকা উদ্ধার সম্ভব।