গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি মাসুদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ধর্ষণের ঘটনায় মাসুদের সহযোগী কবীর হোসেনকে (২৮) জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, থানায় কবীরকে জিজ্ঞাসাবাদে ঘটনার সব তথ্য পাওয়া গেছে। মাসুদের ৭২/ডি লালকুঠির বাড়ির পাশেই ভাড়া থাকেন কবীর। গত শুক্রবার রাতে কিশোরীটিকে নির্যাতনের সময় ওই বাড়ির বাইরে পাহারায় ছিলেন তিনি।
ওসি জানান, দারুস সালাম এলাকার বাসিন্দা মাসুদের পাশের বাড়িতে বসবাসের কারণে কবীরের বন্ধুত্ব হয়। মাসুদ বখাটে হিসেবে এলাকায় পরিচিত।
শুক্রবার কুড়িগ্রাম থেকে আসা ওই কিশোরীকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান মাসুদ। রাত ১২টার দিকে তাঁকে নির্যাতন করা হয়।
খবর পেয়ে শনিবার বিকেলে মাসুদের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এর পরই মাসুদের বন্ধু কবীরকে গ্রেপ্তার করা হয়।
কিশোরীটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
ওসি রফিকুল ইসলাম জানান, মেয়েটি সুস্থ আছে। কুড়িগ্রামে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও তাঁদের কেউ ঢাকায় আসেননি। কাজের সন্ধানে মেয়েটি প্রথমবারের মতো ঢাকায় আসে। এই সরলতার সুযোগেই তাকে নির্যাতন করা হয়েছে।