মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১৩ সালের ১৬ জুলাই মানিকগঞ্জের শিবালয় উপজেলার আবদুল মালেককে (৩০) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলেও প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয়নি। অন্যরাও জামিনে বেরিয়ে এসেছে। উল্টো আসামিদের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদীর পরিবারের সদস্যরা।
মামলার এজাহার, নিহত মালেকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবালয়ের নীলগ্রামের মাদক ব্যবসায়ী আজাহার উদ্দিন (৪৫) ও তাঁর লোকজনের হাতে খুন হন একই গ্রামের মালেক। এ ঘটনায় তাঁর স্ত্রী মামলা করেন। এতে আজাহারকে প্রধান করে ১৩ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত ওয়াহাব মুন্সী, খোকন মিয়া, মজিবর রহমানসহ কয়েকজন আসামিকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু তাঁরা সবাই পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। আর প্রধান আসামি আজাহারকে পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তারই করতে পারেনি।
মালেকের ভাই সায়েদ আলী বলেন, জামিনে মুক্ত হওয়ার পর থেকে হত্যা মামলা তুলে নিতে আজাহার, ওহাব মুন্সীসহ অন্য আসামিরা বিভিন্নভাবে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। মামলা তুলে নেওয়া না হলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। গত বছরের ৩০ আগস্ট রাতে ওহাব দলবল নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। এরপর থেকে নিরাপত্তার অভাবে তিনি ও তাঁর বড় ভাই পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আরও বলেন, হুমকি ও হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ও প্রধান আসামি আজাহারের গ্রেপ্তার চেয়ে পুলিশ সুপারের কাছে গত বছরের শেষ দিকে লিখিত আবেদন করেছেন।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মামলা, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসায়ী আজাহার প্রতিবেশী মালেকের বাড়ির চারপাশে গাঁজা ও ফেনসিডিল লুকিয়ে রাখতেন। এর প্রতিবাদ করায় দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে প্রায় চর বছর আগে আজাহারের হামলায় মালেক গুরুতর আহত হন।
এ ঘটনায় মালেক মামলা করলে আজাহার আপসের প্রস্তাব দেন। কিন্তু মালেক রাজি না হওয়ায় ২০১৩ সালের ১৬ জুলাই গভীর রাতে আজাহার ১০-১২ জন সহযোগী নিয়ে মালেকের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি কোপে মালেক গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে গেলে হামলাকারীরা মালেকের স্ত্রী সেলিনা বেগম, বড় দুই ভাই কছিমুদ্দিন ও সায়েদ এবং কছিমুদ্দিনের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।