গ্রেপ্তার হয়ে কারাগারে ৬ জন, পলাতক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালিয়ে ১৮ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। ভয়াবহ সেই জঙ্গি হামলার ঘটনার মামলার দুই বছর পূর্ণ হলেও আদালতে অভিযোগপত্র এখনো জমা দেয়নি পুলিশ। এ মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গত ২৫ জুন অভিযোগপত্র জমা দেওয়ার দিন থাকলেও তা না দেওয়ায় আগামী ২৬ জুলাই পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, জুলাইয়ের যেকোনো দিন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে। অবশ্য বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, সাত থেকে দশ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। সিটিটিসি সূত্র বলছে, মামলার তদন্ত একেবারই শেষ পর্যায়ে আছে। অভিযোগপত্রও প্রস্তুত হয়ে গেছে। ভয়াবহ এ হামলায় নব্য জেএমবির ২১ জন জঙ্গির জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য ও সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

জড়িত এই ২১ জনের বাইরে হোলি আর্টিজানে হামলার ঘটনার পরপরই গ্রেপ্তার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসানাত করিম। কারাগারে থাকা হাসানাতকে এই মামলায় অভিযোগপত্রভুক্ত করা হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

সিটিটিসির তদন্তে উঠে এসেছে, গুলশানের হোলি আর্টিজান বেকারির হামলায় জড়িত ছিলেন এমন ১৩ জন জঙ্গি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযোগে নিহত হয়েছেন। হামলায় সরাসরি অংশ নেন পাঁচজন। তাঁরা হলেন ঢাকার রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, বগুড়ার শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। তাঁরা ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের অভিযানে নিহত হন। এর বাইরে হামলার পর আইনশৃঙ্লা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হন আরও আটজন। নারায়ণগঞ্জে নিহত হন গুলশান হামলার প্রধান পরিকল্পনকারী তামিম চৌধুরী, ঢাকার সাভারে সরোয়ার জাহান, চাঁপাইনবাববগঞ্জে বাশারুজ্জামান ও মিজান ওরফে ছোট মিজান, মোহাম্মদপুরে নুরুল ইসলাম ওরফে মারজান, রূপনগরে মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, লালবাগে তানভীর কাদেরী ও কল্যাণপুরে নিহত হন রায়হান ইবনে কবির।

এ ছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আছেন আরও সাতজন। তাঁরা হলেন হাদিসুর রহমান সাগর, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাশেদ ওরফে র‍্যাশ, সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ, রকিবুল ইসলাম ওরফে রিগ্যান ও মিজানুর রহমান ওরফে বড় মিজান ও হাসানাত করিম। হাসানাত করিম অভিযোগপত্রভুক্ত হচ্ছেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। আর গুলশানের এই ভয়াবহ হামলার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জঙ্গি নেতা রাজীব গান্ধী, সোহেল মাহফুজ, রকিবুল ইসলাম ও মিজানুর রহমান। কোথায় বসে হামলার পরিকল্পনা হয়, কারা হামলায় অংশ নেয়, কীভাবে অস্ত্র সংগ্রহ করা হয়, অর্থ সংগ্রহের দায়িত্বে কারা ছিল—এসব প্রশ্নের উত্তর জঙ্গিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে। তবে হামলায় জড়িত শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন পলাতক আছেন।

হোলি আর্টিজানের ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা ছিল না বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এ হামলা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র। হামলার মাধ্যমে বাঙালি জাতির কপালে কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে জঙ্গিরা। এ হামলার ষড়যন্ত্রের মাত্রা ছিল ব্যাপক। কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা নিরবচ্ছিন্নভাবে নৃশংস ঘটনার তদন্ত করেছেন। আর তদন্তও একেবারই শেষ পর্যায়ে চলে এসেছে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চার মাস ধরে গুলশানে এই হামলার প্রস্তুতি নিয়েছিল জঙ্গিরা। ঘটনার দুই সপ্তাহ আগে গুলশানের হোলি আর্টিজান বেকারিকে হামলার লক্ষ্যবস্তু বেছে নেয় তারা। হামলাকারীরা তাদের লক্ষ্যস্থল সম্পর্কে জানতে পারেন হামলার মাত্র তিন থেকে চার দিন আগে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নব্য জেএমবির নেতারা ঢাকার কূটনৈতিক এলাকায় বিদেশিদের ওপর বড়সড় হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। হামলা করার জন্য ওই বছরের ২৮ জুন নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা আনেন। হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা সংগ্রহ করে নব্য জেএমবির আরেক নেতা বাশারুজ্জামান ওরফে চকলেট তামিমের কাছে পৌঁছে দেন।

রাজীব গান্ধী জবানবন্দি বলেছেন, ২০১৬ সালের ৩০ জুন সকালে রাজধানীর বসুন্ধরার বাসায় আসেন সারোয়ার জাহান। সবাইকে নিয়ে সেদিন ওই বাসাতেই হামলা করার জন্য বৈঠক করে। সেখানে ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেদিন সকাল ১০টায় জঙ্গি বাশারুজ্জামান বসুন্ধরার ওই বাসায় এসে হামলাকারীদের কাছে অস্ত্র দিয়ে যান। এর সঙ্গে চারটি হাতে তৈরি বোমাও দেন তিনি। জঙ্গি নেতা তামিম সেদিন হামলাকারীদের জানিয়ে দেন, আসরের নামাজের পর জঙ্গি রোহান, নিবরাস ও মোবাশ্বের বাসা থেকে যেন বের হয়ে যান। এর এক ঘণ্টা পর শফিকুল ও খাইরুলকে বের হতে বলেন তামিম। পরিকল্পনা অনুযায়ী দুই ভাগে ভাগ হয়ে আক্রমণকারীরা কিছু পথ রিকশায় এবং কিছু পথ হেঁটে সেদিন গুলশানের হোলি আর্টিজান বেকারিতে আসেন। ইফতারের পরপরই জঙ্গিরা হামলা শুরু করে। ভেতরে থাকা সবাইকে জিম্মি করে ফেলে জঙ্গিরা।

আক্রমণের জন্য এই পাঁচজনকে বাছাই করে পাঠান শরিফুল ইসলাম ওরফে খালেদ ও রাজীব গান্ধী। হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম, রিগ্যান ও আবু রায়হান ওরফে তারেক। সফটওয়্যার প্রকৌশলী বাশারুজ্জামান জঙ্গিদের আনুষঙ্গিক কাজে সহায়তা করেন। আর হামলায় অংশ নেওয়া পাঁচ জঙ্গিসহ জঙ্গিনেতাদের জন্য বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে দেন ব্যাংক কর্মকর্তা তানভীর কাদেরী।

জঙ্গিদের ধর্মীয় প্রশিক্ষক ছিলেন নব্য জেএমবির শুরা সদস্য সারোয়ার জাহান। গুলশানে হামলার আগে ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা দেখে আসেন বলে তদন্তে উঠে এসেছে। ভারত থেকে অস্ত্র সংগ্রহ এবং বোমা তৈরি ও সরবরাহে যুক্ত ছিলেন হাদিসুর রহমান ওরফে সাগর, সোহেল মাহফুজ, রাশেদ, বড় মিজান ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান। মামুনুর রশীদ ওরফে রিপন হোলি আর্টিজানে হামলার প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন।

তিন জঙ্গির ১৬৪ ধারার জবানবন্দির ভাষ্য অনুযায়ী, এ হামলায় ২১ জঙ্গির নাম ঘুরেফিরে এসেছে। তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী, তামিম চৌধুরী হোলি আর্টিজান বেকারিতে হামলার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়ক ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হচ্ছে। তামিমের সহসমন্বয়ক ছিলেন নুরুল ইসলাম ওরফে মারজান।

জঙ্গিরা জিম্মিদের মুঠোফোনে হোলি আর্টিজানে হত্যাযজ্ঞের ছবি তুলে এবং রেস্তোরাঁর ওয়াই-ফাই ব্যবহার করে ওই সব ছবি পাঠানো হয় মারজানের কাছে। তখন মিরপুরের শেওড়াপাড়ার বাসায় মারজানের পাশে ছিলেন তামিম। তামিম ওই সব ছবি আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজে পাঠান, যা ওই রাতে ইন্টারনেটে প্রচার পায়। পরে সিআইডির ফরেনসিক পরীক্ষায় মুঠোফোন থেকে ওই সব ছবি উদ্ধার হয়েছে বলে জানান-সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে হোলি আর্টিজান বেকারি ও কিচেন রেস্তোরাঁয় জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। জঙ্গিরা সেদিন ২০ জনকে হত্যা করে। নিহত ২০ জনের মধ্যে নয়জন ইতালির নাগরিক, সাতজন জাপানের ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। তাঁরা হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন, ঢাকার ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভসের সাবেক পরিচালক ইশরাত আখন্দ এবং ল্যাভেন্ডার গ্রুপের মালিক মনজুর মোরশেদের নাতনি অবিন্তা কবীর। ওই রাতে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তা রবিউল করিম ও সালাউদ্দিন খান। আহত হন র‍্যাব-১-এর তৎকালীন পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ও পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসানসহ পুলিশের ৩১ সদস্য। শ্বাসরুদ্ধকর এই হামলা ও জিম্মি পরিস্থিতির অবসান হয় পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে। ঘটনার তিন দিনের মাথায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় বলা হয়, অভিযানে জিম্মিদশা থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে জিম্মি উদ্ধার অভিযানের আগে ১৯ জন এবং পরে ১৩ জন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে দুজন করে ইতালি ও শ্রীলঙ্কার, একজন জাপানি এবং অন্যরা রেস্তোরাঁর এ দেশীয় কর্মী ও অতিথি।

জঙ্গিরা কেন ভয়াবহ এ হামলা করে, তার কারণ সম্পর্কে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বিদেশির মধ্যে ত্রাস সৃষ্টি করা ছিল জঙ্গিদের টার্গেট। আর দেশকে অকার্যকর করে সরকারকে পতন ঘটানোই ছিল এ হামলার প্রধান উদ্দেশ্য। সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে অশান্তি করতে চায় জঙ্গিরা।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ মামলা তদন্ত করা হয়েছে। এমনভাবে অভিযোগপত্র প্রস্তুত করেছি, যাতে কোনো অপরাধী ছাড়া না পায়, যাতে কোনো অপরাধী হত্যাকাণ্ড ঘটনার পর নিষ্কৃতি না পায়। এটা যাতে দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে বাংলাদেশে এ ধরনের ঘটনা আর চলবে না। করলে তাঁকে শাস্তির মুখোমুখি হতে হবে।’