দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনের সময় গ্রেপ্তার ৭ নেতা ২৪ দিন পর গতকাল বুধবার জামিন পেয়েছেন। খানসামা উপজেলার কয়েক শ মানুষকে গতকাল বেলা ১১টায় দিনাজপুর জেলা কারাগারের ফটকে তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করতে দেখা যায়। এর আগে গত ৭ জানুয়ারি রাতে পুলিশ আন্দোলনকারী নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. আলতাফ হোসেন, রাকেশ কুমার গুহ, আবদুল লতিফ, মো. আতাউর রহমান, জাহাঙ্গীরপুর গ্রামের মো. জয়নাল আবেদীন, মো. রফিকুল ইসলাম ও মো. সোলজার রহমান।
এদিকে আন্দোলনকারীরা গত ৮ জানুয়ারি আধা বেলা হরতাল ডাকেন। হরতালের সময় পুলিশের সঙ্গে হরতালকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক মো. দুলাল উদ্দিন ও তৌহিদুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন। মামলা দুটিতে ৭৮ জনের নাম উল্লেখসহ ৬২৮ জনকে আসামি করা হয়। মামলায় সরকারি কৌঁসুলি (জিপি) মীর ইউসুফ আলী ও জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হাজী মো. সাইফুল ইসলামকেও আসামি
করা হয়।