গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের সঙ্গে 'ওঠাবসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় দুই সহোদর প্রকাশ্যে ঘুরে বেড়ান বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের সঙ্গেও ‘ওঠাবসা’ করেন। কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হয় না।
এই দুই ভাই হলেন কালাম মোল্লা ও সামাদ মোল্লা। বাড়ি উপজেলার হেলালপুর গ্রামে। আদালত সূত্রে জানা গেছে, কালাম মোল্লার (৪২) বিরুদ্ধে চারটি ও তাঁর ছোট ভাই সামাদ মোল্লার (৩৫) বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। এর মধ্যে আটটিই মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলাসংক্রান্ত পরোয়ানা। আরেকটি গাড়ি চুরির মামলায়।
রাজশাহী আদালত পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, কালাম মোল্লার বিরুদ্ধে চারঘাট, বাঘা, রাজধানীর গুলশান ও তুরাগ থানায় চারটি মামলা রয়েছে। ২০১৫ সাল থেকে গত বছরের বিভিন্ন সময়ে আদালত থেকে এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গুলশান থানার মামলাটি ছাড়া তিনটি মামলাতেই কালাম মোল্লার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাঘা ও তুরাগ থানার মামলায় ফেনসিডিলসহ মাইক্রোবাস ফেলে পালানোর অভিযোগ আনা হয়েছে। তুরাগ থানায় ফেনসিডিলসহ জব্দ করা মাইক্রোবাস থেকে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা জবানবন্দিতে কালাম মোল্লার নাম বলেছেন। চারঘাট থানার মামলায় ইয়াবাসহ আটক একজন আসামি কালাম মোল্লার কাছ থেকে ইয়াবা কিনেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। বাঘা থানার মামলায় ফেনসিডিলসহ ব্যক্তিগত গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার পর পুলিশ তদন্ত করে কালাম মোল্লার নামে অভিযোগপত্র দিয়েছে।
বাঘা ও তুরাগ থানার মামলায় সামাদ মোল্লাকে আসামি করা হয়েছে। গুলশান থানার মামলাটি ব্যক্তিগত গাড়ি চুরির মামলা। এই মামলাতেও কালাম মোল্লা ও সামাদ মোল্লার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া সামাদ মোল্লার বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় আরও দুটি মাদকের মামলা হয়েছে। এই মামলাগুলোতেও গত বছরের বিভিন্ন সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে তুরাগ থানার মামলায় আসামি কালাম মোল্লা জামিনের ‘রিকল’ জমা দিয়েছেন। মামলাটি ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ-৬-এর আদালতে বিচারাধীন। সর্বশেষ ৫ এপ্রিল ওই আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি কালাম মোল্লা পলাতক।
গত রোববার জানতে চাইলে বাঘা থানার ওসি আলী মাহমুদ প্রথম আলোকে বলেন, কালাম মোল্লার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তিনি স্বীকার করেন, কালাম মোল্লা মাঝেমধ্যে বাঘায় আসেন। এককালে তাঁরা (দুই সহোদর) বড় মাদক ব্যবসায়ী ছিলেন বলে তিনি শুনেছেন। তিনি বলেন, সামাদ মোল্লার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা থাকতে পারে। তবে তিনি এলাকার বাইরে অবস্থান করছেন। কালাম মোল্লার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থানায় পাঠানো হয়েছে—এ ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি বলেন, ‘তাহলে দেখতে হবে।’
রোববার ওসির সঙ্গে কথা বলার পরদিন কালাম মোল্লা প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে চলে আসেন। তিনি দাবি করেন, তিনি চার বছর ধরে অবৈধ কোনো ব্যবসার ধারেকাছে নেই। তিনি এলাকায় একজন সম্মানিত মানুষ। এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদ ও একটি বাজার কমিটির সভাপতি। তিনি থানাতেও যান। কেউ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কথা বলেন না। এ কথা ঠিক যে, তাঁর বিরুদ্ধে চারটি মামলা আছে। তবে এগুলো সবই মিথ্যে মামলা। পুলিশের যখন ভাগে কম হয়েছে, তখন তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।