গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মঞ্চে এলেন চলেও গেলেন!
ফরিদপুরের সালথায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতাকে গত শনিবার মঞ্চে দেখা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই মঞ্চে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ছিলেন। গত শনিবার দুপুরে উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই আসামির নাম মো. বাদল হোসেন। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা গ্রামের বাসিন্দা। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই দিন প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি হাঁটেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। পরে তিনি নিরাপদে চলে যান। এ ঘটনায় আওয়ামী লীগের একটি অংশের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
বাদল হোসেনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বাড়িতে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা দুটি মামলার এক নম্বর আসামি বাদলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাদল হোসেনকে গত শনিবার দুপুরে নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চে জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী ও তাঁর ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবরের পেছনে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশ্বের হাসান ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হকের পাশে হেঁটে অনুষ্ঠানস্থলে যান তিনি। তাঁর পরনে নীল পাঞ্জাবি ও সাদা পাজামা ছিল।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, ‘বাদল আমার মামলাসহ দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে সংসদ উপনেতার মঞ্চে দেখা গেল। ইউএনওর সঙ্গে হাঁটতে দেখা গেল। তারপরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। পুলিশ তাঁকে গ্রেপ্তার করল না।’
ওসি এ কে এম আমিনুল হক বলেন, ‘সংসদ উপনেতার ওই অনুষ্ঠানে অনেক লোক গিয়েছিলেন। আমরা তাঁর নিরাপত্তা দিতে ব্যস্ত ছিলাম।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুবলীগ নেতা বাদল হোসেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এ কথা সত্য। কিন্তু ওই অনুষ্ঠানের নিরাপত্তা দেব, নাকি আসামি ধরব?’