গ্রেপ্তারের তিন দিন পর 'ডাকাতের' পায়ে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আতিয়ার মোড়ল নামের এক ব্যক্তি জখম হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দুটোর দিকে সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটিতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে, আতিয়ার একজন পেশাদার ডাকাত।
আতিয়ারের বাড়ি উপজেলার লাউতাড়া গ্রামে। স্বজনদের দাবি, আতিয়ার দিনমজুর। তাঁকে শনিবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি করে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম গতকাল বুধবার জানান, উপজেলার ইসলামকাটি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ ধরনের খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ডাকাত দলের সদস্য আতিয়ারকে (৩৪) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি শাটারগান, দুটি ছোরা ও দুটি বন্দুকের গুলি উদ্ধার করে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে এ ঘটনায় প্রায় একই ধরনের বর্ণনা দিয়ে গতকাল সকালে স্থানীয় সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়। আতিয়ারের স্ত্রী মাসুরা খাতুন বলেন, তাঁর স্বামী একজন দিনমজুর। তাঁকে জাতপুর ফাঁড়ির পুলিশ শনিবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে ধরে যায়।
তালা থানার ওসি আরও জানান, আতিয়ারের বিরুদ্ধে কলারোয়া, তালা, পাটকেলঘাটা, যশোরের কেশবপুর ও খুলনার ডুমুরিয়া থানায় আটটি মামলা রয়েছে।