গ্রেপ্তারের পর আসামি বললেন গাঁজার আসল মালিক এসআই!
চট্টগ্রামের পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ সেলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিজ্ঞাসাবাদে সেলিম ডিবিকে বলেন, গাঁজার মালিক তিনি নন। পাহাড়তলী থানার এসআই মতিউর রহমান এই গাঁজার মালিক। তিনি (আসামি) কেবল বাহকের কাজ করেন।
এ অভিযোগ ওঠার পর এসআই মতিউরকে গত বৃহস্পতিবার থানা থেকে নগরের লালদীঘি এলাকায় পুলিশ কন্ট্রোল রুমে বদলি করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অপরাধী ধরা পড়ার পর যে কারও নাম বলতে পারেন। তারপরও এসআই মতিউরের নামে অভিযোগ ওঠায় পুলিশ কমিশনারের নির্দেশে তাঁকে থানা থেকে বদলি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসআই মতিউর রহমানের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।