দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার চিরিরবন্দর উপজেলা থেকে গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামের মো. জাকির হোসেন (২৭) ও মো. মানিক হোসেন (২৬)। দুজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ জানিয়েছে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপপরির্দক (এসআই) বজলুর রশিদ গতকাল শুক্রবার বলেন, ২০১৫ সালের ৫ ডিসেম্বরে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাস মেলায় যাত্রা প্যান্ডেলে বোমা হামলা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। জাকির ও মানিক দুজনই অভিযোগপত্রভুক্ত আসামি।
এসআই বজলুর রশিদ বলেন, চিরিরবন্দর উপজেলায় জেএমবি সদস্যরা বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। এর অংশ হিসেবে সাত থেকে আটজন জেএমবি সদস্য বৃহস্পতিবার রাতে ভুসিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গোপন বৈঠকে বসে। খবর পেয়ে দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে হাজির হয়। এ সময় মানিক ও জাকিরকে পুলিশ ধরতে পারলেও অন্যরা পালিয়ে যান। পরে দুজনকে নিয়ে তাঁদের গ্রামে যায় পুলিশ। এ সময় জাকিরের বাড়ি থেকে ১০টি ককটেল, ১১টি উসকানিমূলক বই ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় চিরিরবন্দর থানায় পুলিশ মামলা করেছে। এ মামলায় দুজনকে গতকাল দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক গোপাল চন্দ্র রায় প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।