গ্রেপ্তারের প্রতিশোধ নিতে পুলিশ হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ কর্মকর্তা। কারাগারে গিয়ে ওই কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। কিছুদিন পর জামিনে কারাগার থেকে বেরিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে খুন করলেন তিনি। হত্যায় সহযোগিতায় ছিলেন পুলিশের এক সোর্সও।
এই ‘হত্যাকারী’ যুবক পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মো. রাসেল (২১)। আজ বুধবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুজাউলকে হত্যার কথা স্বীকার করে এসব তথ্য দেন তিনি।
গত ৫ অক্টোবর পাকশী রেল স্টেশন-সংলগ্ন একটি হলুদের খেত থেকে হাত-পা-মুখ ও চোখ বাঁধা অবস্থায় এএসআই সুজাউলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় হত্যা মামলা করে পুলিশ। এ মামলায় গত মঙ্গলবার রাতে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁকে আদালতে নেওয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশের ভাষ্য, মাদক ব্যবসার অভিযোগে গত ঈদুল আজহার আগে রাসেলকে গ্রেপ্তার করেন এএসআই সুজাউল। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এতে সুজাউলের ওপর ক্ষিপ্ত হন রাসেল। তাই কারাগারে বসে ছয়জনের সঙ্গে আলোচনা করে সুজাউলকে হত্যার পরিকল্পনা করেন। এরপর জামিন মুক্ত হয়ে তিনি হত্যার ঘটনা ঘটান।
ওসি বলেন, এসব বিষয় আদালতে উপস্থাপন করে রাসেল বলেছেন, হত্যার ঘটনায় পুলিশের এক সোর্সও জড়িত। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।