গ্রেপ্তারের ১৩ ঘণ্টা পর ধর্ষণ মামলার আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ধর্ষণ মামলার এক আসামির গ্রেপ্তারের ১৩ ঘণ্টা পর হাসপাতালে মৃত্যু হয়েছে। ধর্ষণের ঘটনায় লোকলজ্জার ভয়ে গ্রেপ্তারের আগে বিষ পান করায় তাঁর মৃত্যু হয়েছে বলে গতকাল শনিবার পুলিশ জানিয়েছে।
তবে জেলা শহরতলি চড়ুইপাড়ার বাসিন্দা মৃতের বৃদ্ধা মা অভিযোগ করেন, গ্রেপ্তারের সময় তাঁর ছেলে পুচিমং সুস্থ ছিলেন। ছেলের বিষপানের বিষয়টি তাঁর জানা নেই।
বান্দরবান সদর থানার পরিদর্শক তদন্ত আমির হোসেন বলেছেন, চড়ুইপাড়ার স্বামী পরিত্যক্তা এক মার্মা নারীর দায়ের করা ধর্ষণ মামলায় পুচিমং মার্মা (২৮) ও থোয়াইনুচিং মার্মাকে (৩০) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। মৃত পুচিমং মার্মার মায়ের অভিযোগ সত্য নয় জানিয়ে আমির হোসেন বলেন, গ্রেপ্তারের সময় থেকে পুচিমং অস্বাভাবিক আচরণ করছিলেন। তাঁরা সন্দেহ করছিলেন তিনি মদ পান করেছেন। বিষপানের বিষয়টি তাঁদের ধারণায় ছিল না। পরে শার্টের পকেটে একটি চিরকুট পেয়ে বিষপানের বিষয়টি জানতে পেরেছেন।
ওই চিরকুটে পুচিমং লিখেছেন, তাঁর বিরুদ্ধে আনীত ধর্ষণের অভিযোগ মিথ্যে। এ কথা কেউ বিশ্বাস করে না। এ জন্য তিনি বিষ পান করেছেন।
মৃত পুচিমংয়ের মা পাইংক্রা প্রু কাঁদতে কাঁদতে বলেন, তাঁর এই ছেলে ছাড়া আর কেউ নেই। এখন তাঁর বাঁচার কোনো উপায় নেই। গ্রেপ্তারের সময় ছেলে সুস্থ ছিলেন দাবি করে তিনি মৃত্যুর ব্যাপারে তদন্ত দাবি করেন। চিরকুটের ব্যাপারে তিনি বলেছেন, তাঁর ছেলে বাংলায় লিখতে ও পড়তে পারেন না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, থানায় নিয়ে আসার পর পুচিমং বমি শুরু করেন। তখন তাঁকে বান্দরবান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তিনি সুস্থ রয়েছেন বলায় আবার থানায় নিয়ে আসা হয়। গভীর রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তখন জানতে পারেন তিনি বিষ পান করেছেন। শুক্রবার বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসকেরা অজ্ঞাত বিষের বিষক্রিয়ায় পুচিমং মার্মার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন।