গ্রেপ্তার-আতঙ্কে গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দৌলতপুর গ্রামে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তারের ভয়ে ওই গ্রাম গত বুধবার থেকে পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রাম ছাড়ছে নারী-শিশুরাও।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গ্রামে দুই পক্ষের জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে আদালতের স্থিতাবস্থার একটি নোটিশ দিতে যায় পুলিশ। এ সময় এক পক্ষের হামলায় উপপরিদর্শক (এসআই) দীপক কুমারসহ পুলিশের দুই সদস্য গুরুতর আহত হন। রাতে দীপক কুমার ওই গ্রামের ১৯ ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন।
গতকাল বৃহস্পতিবার ওই গ্রামে গিয়ে দেখা যায় ২২টি বাড়ি পুরুষশূন্য। গ্রেপ্তার-আতঙ্কে অধিকাংশ বাড়ির বসতঘরের দরজা-জানালা বন্ধ। কিছু কিছু ঘর তালা মারা। তবে গ্রামের দু-একটি বাড়িতে কিছু নারী ও শিশুর উপস্থিতি চোখে পড়ে।
গ্রামের কৃষক মোস্তফা মিয়া বলেন, ওই দিনের ঘটনার পর একাধিকবার গ্রামে পুলিশ হানা দিয়েছে। গত মঙ্গলবার রাতে ধরে নিয়ে গেছে তিন যুবককে। গ্রেপ্তার এড়াতে গত বুধবার সকাল থেকেই গ্রামে একজন পুরুষও নেই। পুলিশের ভয়ে নারী ও শিশুরাও দলে দলে গ্রাম ছাড়ছে।
থানার ওসি মো. কবির হোসেন বলেন, পুলিশের মামলায় জাকির হোসেন, কাশেম খান ও মো. ইয়ামিন নামে গ্রামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে। সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হবে না। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই।