লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে ভোট শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া মামলায় তিন গ্রামের পুরুষেরা গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন। তাঁরা দিনের বেলা বাড়ি থাকলেও রাতে অন্যত্র গিয়ে থাকছেন।
গত শনিবার চন্দ্রপুর ইউনিয়নের হররাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়। ভোট শেষে উপজেলা সদরে আসার সময় ওই এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহরে হামলা হয়। এতে পুলিশ ও বিজিবির পাঁচজন সদস্য আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭১টি রাবার বুলেট ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি গিয়ে প্রশাসনের অবরুদ্ধ লোকজনকে উপজেলা সদরে নিয়ে আসে।
ওই ঘটনায় গত রোববার কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম বাদী হয়ে মামলা করেন। এতে ওই রাতে আটক হওয়া যুবদল নেতা আনোয়ার হোসেন ও বিএনপির নেতা আনিসার রহমানসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান শুরু হয়। পুলিশ যে কাউকে ধরে জেলে দিতে পারে—এমন গুজবে শনিবার রাত থেকেই চন্দ্রপুরের হররাম, কিসামত গোড়ল ও ঘনশ্যাম গ্রামের পুরুষেরা গ্রেপ্তার-আতঙ্কে বাড়িতে থাকছেন না।
হররাম গ্রামের গৃহবধূ খোদেজা বেগম বলেন, ‘ভোটের রাইত থাকি পুলিশ আর বিজিবি আসি গ্রামের পুরুষ মানুষগুলার খোঁজ করছে। তাই দিনত পুরুষ মানুষ বাড়িত সাবধানত থাকলেও রাইতে বাড়িত থাকছে না।’ শ্যামলী খাতুন, রাবেয়া বেগমসহ আরও কয়েকজন গৃহবধূ একই কথা বলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘পুলিশ কাউকে হয়রানি করছে না, ভয়ও দেখাচ্ছে না। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টায় ওই তিন গ্রামে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে কী কারণে প্রশাসনের গাড়িবহরে হামলা করে দায়িত্বশীলদের আহত করা হলো, সেটা জানতেও আমাদের অনুসন্ধান চলছে।’