রংপুরের পীরগঞ্জে হাতকড়াসহ আসামির পলায়নের ঘটনার পর গ্রেপ্তার-আতঙ্কে চান্দুপুর গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। সংশ্লিষ্ট রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গত শনিবার রাত থেকে গ্রামটি পাহারা দিচ্ছেন।
ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান অভিযোগ করে বলেন, ‘আসামি হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন। এখন পুলিশ গ্রামে যাকে পাচ্ছে তাকেই ধরছে। পুলিশ কারও কথা শোনে না। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করছে।’
এদিকে গতকাল রোববার দুপুরে চান্দুপুর গ্রাম থেকে পুলিশ সৈয়দ আলী (৩৫) নামের আরেক নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত দুই দিনে ওই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এর মধ্যে ১০ জন নারী।
গতকাল দিনে গ্রাম পাহারার দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশ সদস্য বাবুল মিয়া, আজাদুল ইসলাম, সাজু মিয়া ও মকবুল হোসেন। বাবুল মিয়া বলেন, ‘গ্রামের লোকজন ভয়ে পালিয়ে গেছে। কারও যাতে বাড়ির জিনিসপত্র চুরি না হয় সে জন্য আমরা পাহারা দিচ্ছি।’
আত্মগোপনে থাকা গ্রামের কৃষক সৈয়দ রোকন (২৮) বলেন, ‘পুলিশের ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে আছি। গতকাল দুপুরে আমার বড় ভাই সৈয়দ আলী বাড়িঘরের জিনিসপত্র ঠিক আছে কি না, তা দেখতে গ্রামে গেলে পুলিশ চারদিক থেকে ঘিরে তাঁকে গ্রেপ্তার করে।’
গতকাল বেলা দুইটার দিকে পীরগঞ্জ থানার একটি পিকআপ ভ্যানে কয়েকজন পুলিশ সদস্য গ্রামটিতে যান। এ সময় ভ্যানে ছিলেন থানার এএসআই উজ্জ্বল, মিলন মিয়া ও আজহারুল ইসলামসহ পুলিশের সাত সদস্য। জানতে চাইলে এএসআই উজ্জ্বল বলেন, ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি আলতাব হোসেনের সন্ধানে আমরা ওই গ্রামে গিয়েছিলাম।’ কৃষক সৈয়দ আলীকে গ্রেপ্তার করার কথা তিনি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গতকাল বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম জিয়াউল ইসলাম বলেন, গ্রামের নিরীহ মানুষকে হয়রানি না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার পর পুলিশ দায় এড়াতে নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মারপিট ও আসামি ছিনিয়ে নেওয়ার মামলা দিয়েছে—এমন অভিযোগের ব্যাপারে বলেন, আসলে এ ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি দেখা হচ্ছে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক মুঠোফোনে বলেন, ‘আমার কাছে অভিযোগ আছে, লোকজন পুলিশের গতিরোধ করে ওই আসামিকে পালাতে সহায়তা করেছে।’
এ ব্যাপারে মুঠোফোনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। আমি দেখছি।’
জমিজমা নিয়ে বিরোধসংক্রান্ত ঘটনায় আদালতে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে শুক্রবার রাত আটটার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দুপুর গ্রামের আলতাব হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলের পেছনে তুলে নেওয়ার পথে আলতাব লাফ দিয়ে নেমে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ নিরীহ ৬০ গ্রামবাসীর বিরুদ্ধে রাতেই থানায় মামলা করে।