গ্রেপ্তার-আতঙ্কে বিদ্যালয় ছাত্রশূন্য
গ্রেপ্তার-আতঙ্কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অনুখা উচ্চবিদ্যালয় ছাত্রশূন্য হয়ে পড়েছে। একটি হত্যা মামলার জের ধরে পুলিশ ওই বিদ্যালয়ের চার ছাত্রকে গ্রেপ্তারের পর এক সপ্তাহ ধরে ছাত্ররা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
উপজেলার সলঙ্গা থানা ও বিদ্যালয় সূত্র জানায়, একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ১৬ এপ্রিল রাতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমন বাপ্পী (১৬), রবিউল করিম (১৭) ও আরিফ খানকে (১৬) বিদ্যালয় থেকে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাব্বির খানকে (১৮) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন থেকে ছাত্ররা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়।
পুলিশ গ্রেপ্তার করা চার ছাত্রের মধ্যে রবিউল করিম ও সুমন বাপ্পীকে ছেড়ে দিলেও অন্য দুই ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
দুই সপ্তাহ আগে পাশের তাড়াশ থানার আমসাড়া গ্রামের গোলাম সারোয়ারের ছেলে হাসান আহমেদকে (১৮) দুষ্কৃতকারীরা হত্যা করে বাড়ির পাশের পুকুরপাড়ে ফেলে যায়। এ ঘটনায় গোলাম সারোয়ার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।
অনুখা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, কী কারণে পুলিশ তাঁর চার ছাত্রকে গ্রেপ্তার করেছে, তা জানা নেই। তবে গ্রেপ্তার-আতঙ্কে ছাত্ররা শনিবার থেকে বিদ্যালয়ে আসছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র বলে, ‘পুলিশ যেকোনো ছাত্রকে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে—এই আশঙ্কায় আমরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি।’
অভিভাবক অলিদহ গ্রামের আলম মিয়া জানান, মামলায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হলেও পুলিশ ছাত্রদের গ্রেপ্তার করছে। এ আশঙ্কায় ছাত্ররা বিদ্যালয়ে যাচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, তাড়াশ থানার আমসাড়া গ্রামের দোকানদার হাসান আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই চার ছাত্রকে গ্রেপ্তার করা হয়। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অনুখা বিদ্যালয়ে শিক্ষার্থীরা অনুপস্থিত রয়েছে, এমন সংবাদ তাঁর জানা নেই।