গড়াই থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে গড়াই নদ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় তিন ব্যক্তি সেখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। আর এ কাজে তাঁদের সহযোগিতা করছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়াই নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। তিন-চার মাস আগে নারুয়া ইউনিয়নে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন বালু তোলার দায়ে গাড়াকোলা গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পুড়িয়ে দেওয়া হয় বালু তোলার যন্ত্র। কিছুদিন বন্ধ থাকার পর আবার বালু উত্তোলন শুরু হয়েছে। নদীর বিভিন্ন স্থান থেকে বালু তুলে একটি স্থানে স্তূপ করা হচ্ছে। সোনাকান্দর গ্রামের সাহেব আলী খান ও নারুয়া গ্রামের বাদশা মণ্ডলও ফিরোজ আহমেদের সঙ্গে বালু তোলায় জড়িত। বাদশা নারুয়া বাজার বণিক সমিতির সহসভাপতি। এ ছাড়া নদীর পাড় থেকে মাটি কেটে বিক্রি করেন ফিরোজ ও তাঁর সহযোগীরা। এতে অনেক ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। নদীতীরবর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা ভাঙনের ঝুঁকির মুখে রয়েছেন। বালু তোলার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পান না।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বালিয়াকান্দির জঙ্গল-গাড়াকোলা সড়কের সোনাকান্দর এলাকায় গড়াই নদের পাড়ে বালুর স্তূপ। এর চারপাশে কয়েকটি লাল পতাকা টানানো। পশ্চিম-দক্ষিণ পাশে বালু তোলার খননযন্ত্র ও পাইপ রাখা। বালুর স্তূপ থেকে পানি চুইয়ে নদীতে পড়ছে। পাশে একটি টিনের ঘর। সেটি বাইরে থেকে তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, ওই ঘরে বালু তোলার সঙ্গে জড়িত শ্রমিকেরা থাকেন। ঘরের বাইরে পাইপ ও বড় বড় ড্রাম রয়েছে।

বালু তোলার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দেওয়ার কথা স্বীকার করেন ফিরোজ আহমেদ। তিনি দাবি করেন, এখন আর তিনি নদী থেকে বালু তোলেন না। তিনি বলেন, ‘আমি ১০-১২ লাখ টাকা দিয়ে বালু কিনে এনেছি। ওই এলাকায় আমাদের অনেক জমি রয়েছে। ৪৪ শতাংশ জমির ওপর বালু মজুত করা হয়েছে। এতে আমার দুজন অংশীদার রয়েছেন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উপদেষ্টা হিসেবে সহযোগিতা করেন। এসব বালু আমরা বৈধ ইজারাদারের কাছ থেকে টাকা দিয়ে কিনে এনেছি।’

বালুর স্তূপের পাশে খননযন্ত্র ও পাইপ থাকার বিষয়ে বাদশা মণ্ডল বলেন, তাঁরা অন্য স্থান থেকে বালু কিনে নৌকায় করে নিয়ে আসেন। পরে খননযন্ত্র ও পাইপ দিয়ে বালু খালাস করেন। বালু কেনার কাগজপত্রও তাঁদের কাছে রয়েছে।

বালু তোলার কাজে সহযোগিতা করার কথা অস্বীকার করে জহুরুল ইসলাম বলেন, ‘বালু তোলা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চলছে। আমি কোনোভাবেই বালু তোলার সঙ্গে সম্পৃক্ত নই। আমাকে তাঁরা লাভের কোনো টাকাপয়সাও দেননি। আমার জানামতে, ওপার থেকে বালু কিনে এনে এপারে জমা করা হয়েছে। আমি নৌকা প্রতীক নিয়ে ইউপি নির্বাচন করেছিলাম। বালুর ব্যবসা খারাপ। তাই আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার বলেন, একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু তুলছে এবং নদীর পাড়ের মাটি বিক্রি করছে। অথচ বালিয়াকান্দি উপজেলায় কোনো বালুমহাল নেই। গড়াই নদ থেকে বালু তুলে পাহাড় বানানো হয়েছে। ওই বালুর চারদিকে লাল পতাকা টানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।