গয়নার দোকানে এক কারিগরকে শ্বাসরোধে হত্যা
পুরান ঢাকার ইসলামবাগে একটি স্বর্ণালংকারের দোকানে এক কারিগরকে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার ওই দোকান থেকে বাদল মালাকার (৩৮) নামের ওই কারিগরের মরদেহ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, বাদলকে শ্বাসরোধে হত্যা করে খুনিরা দোকানের বাইরে থেকে তালা মেরে পালিয়েছে। দোকানের মালিক নারায়ণ চন্দ্র পোদ্দারের কাছ থেকে খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ ইসলামবাগের রহমতউল্লাহ মার্কেটের পাঁচতলায় তাঁর দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে বাদলের মরদেহ উদ্ধার করে। তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাদলের বাবা শ্রীদাম মালাকার বিকেলে বাদলের সাবেক সহকর্মী সঞ্জয়সহ দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। বাদলের বাড়ি ঢাকার সাভার উপজেলার হরিণ চিতায়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই মার্কেটের তিনতলা ও পাঁচতলায় নারায়ণের একটি করে স্বর্ণালংকারের দোকান আছে। তিনতলার দোকানের এক কারিগর সঞ্জয়কে ১৬ দিন আগে চাকরিচ্যুত করা হয়। বাদল পাঁচতলার দোকানে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় এক যুবককে নিয়ে এসে রাতে বাদলের সঙ্গে দোকানে থাকেন এবং গতকাল সকাল সাতটার দিকে চলে যান। বেলা ১১টার দিকে পাঁচতলার দোকানের আরেক কারিগর নারায়ণের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দোকানে ঢুকে বাদলকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। তিনি ঘটনাটি নারায়ণকে জানান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম ফিরোজ আল জালাল বলেন, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।