গয়নার দোকানে কারিগর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার একটি সোনার গয়না তৈরির দোকান থেকে বাদল মালাকার (৩৮) নামের এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসলামবাগের রহমতউল্লাহ মার্কেটের ওই দোকান থেকে আজ শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাদলের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে খুন করে খুনিরা দোকানের বাইরে থেকে তালা মেরে পালিয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, দোকানের মালিক নারায়ণ চন্দ্র পোদ্দারের কাছে খবর পেয়ে বেলা দুইটার দিকে একদল পুলিশ মার্কেটের পঞ্চম তলার দোকানের খাটের ওপর থেকে বাদলের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
বিকেলে বাদলের বাবা শ্রীদাম মালাকার এ ঘটনায় বাদী হয়ে বাদলের সাবেক সহকর্মী সঞ্জয়সহ দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। বাদলের বাড়ি ঢাকার সাভার উপজেলার হরিণ চিতায়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রহমতউল্লাহ মার্কেটের তৃতীয় ও পঞ্চম তলায় নারায়ণচন্দ্র পোদ্দারের দুটি সোনার গয়না তৈরির দোকান আছে। কারিগর বাদল পঞ্চম তলায় ও সঞ্জয় নামের আরেক কারিগর তৃতীয় তলায় কাজ করতেন। বাদল পঞ্চম তলার দোকানে থাকতেন। ১৬ দিন আগে তৃতীয় তলার কারিগর সঞ্জয়কে চাকরিচ্যুত করা হলে তিনি চলে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় আরেক যুবককে নিয়ে বাদলের কাছে আসেন। তাঁরা রাতে বাদলের সঙ্গে দোকানে থাকেন। শুক্রবার সকাল সাতটার দিকে সঞ্জয়সহ ওই দুই যুবক চলে যান। বেলা ১১টার দিকে পঞ্চম তলার আরেক কারিগর তাঁর কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন বাদল খাটের ওপর পড়ে আছেন। তিনি এ ঘটনা ফোনে দোকানের মালিক নারায়ণকে জানান। দোকান মালিক কোতোয়ালি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দোকানের মালিক নারায়ণ চন্দ্র পুলিশের কাছে অভিযোগ করেন, রহমতউল্লাহ মার্কেটের পঞ্চম তলার দোকান থেকে তাঁর দেড় ভরি ওজনের সোনা ও কিছু টাকা খোয়া গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম ফিরোজ আল জালাল প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে সোনার দোকানের সাবেক কারিগর সঞ্জয় ও তাঁর সঙ্গে আসা আরেক যুবক বাদলকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর কাছ থেকে চাবি নিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ওসি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।