ঘটকালির টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের ঘটকালি টাকা চাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে আবদুর রশীদ বিশ্বাস (৪৭) নামের এক ঘটককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের (ইউপি) ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রশীদের চাচাতো ভাই বাদশা বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিহত আবদুর রশীদ বিশ্বাস ওই গ্রামের জীবন বিশ্বাসের ছেলে। তিনি ঘটকালির কাজ করেন। মাস দুয়েক আগে তিনি ঘটকালি করে ফিরোজ মণ্ডল নামের প্রতিবেশী একজনের এক আত্মীয়কে বিয়ে দেন। ওই বিয়ে দেওয়ার জন্য ঘটকালির সম্মানি হিসেবে আবদুর রশীদকে ফিরোজ মণ্ডলের কিছু টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় দুই মাস হতে চললেও ফিরোজ মণ্ডল ওই টাকা দেননি। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরোজ মণ্ডলের কাছে টাকা চান আবদুর রশীদ। এ নিয়ে দুজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফিরোজ মণ্ডল ও তাঁর ভাই-ভাতিজারা আবদুর রশীদকে মারধর করেন। এ সময় মাথায় লাঠির আঘাতে আবদুর রশীদ গুরুতর আহত হন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে মাগুরা সদর উপজেলার মান্দারতলা এলাকায় তিনি মারা যান। পরে লাশটি সদর হাসপাতালে নেওয়া হয়।
মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।