ঘটনা জুতা ছোড়াছুড়ির মামলা চাঁদাবাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের আশরাফগঞ্জ দাখিল মাদ্রাসার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেত্রীর মধ্যে জুতা ছোড়াছুড়ির ঘটনায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মাদ্রাসার সুপার মুহম্মদ মুফাজ্জল হুসাইন ১৬ জানুয়ারি মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদ্রাসার জমিতে পাকা ঘর নির্মাণের জন্য বালু ফেলতে গেলে ১৬ জানুয়ারি সকালে উপজেলার রামকৃষ্ণপুর ট্যাক্সেরহাট গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির মহিলা সম্পাদক শাহেদা হাসান, তাঁর স্বামী আহসানুল হক ও ভাতিজা কলেজছাত্র রানা মিয়া মাদ্রাসার সুপার মুফাজ্জল হুসাইনের কাছে ৫ লাখ টাকা চাঁদা চান। অন্যথায় মাদ্রাসার জমিতে ঘর করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।
তবে ওই মামলার সাক্ষী ও মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, ‘ঘটনার সময় আমি ক্লাসে ছিলাম। চাঁদা চাওয়া হয়েছে কি না, তা জানি না।’
অপর সাক্ষী অভিভাবক সদস্য রেজাউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। শুনেছি মাদ্রাসার হিসাব চাওয়া নিয়ে সুপার ও সভাপতির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে শাহেদার। এখন এই চাঁদাবাজির মামলা দায়ের করা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার দুজন শিক্ষক বলেন, শাহেদা ১৬ জানুয়ারি সকাল ৯টার দিকে মাদ্রাসায় গিয়ে সুপারের কাছে মাদ্রাসার নামীয় জমি বন্ধক রাখা হয়েছে কি না জানতে চান। এতে সুপার ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা-কাটাকাটির একপর্যায়ে সুপার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোহসিনা বেগমকে মাদ্রাসায় ডেকে নেন। একপর্যায়ে মোহসিনা বেগমের সঙ্গেও শাহেদার কথা-কাটাকাটি এমনকি পরস্পরের প্রতি প্রকাশ্যে জুতা ছোড়াছুড়িও হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার বাদী হয়ে থানায় শাহেদা, তাঁর স্বামী ও ভাতিজার বিরুদ্ধে ওই চাঁদাবাজির মামলা করেন।
এদিকে ওই চাঁদাবাজি মামলার পর শাহেদা ও আহসানুল হক স্থানীয় রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের কাছে তাঁদের বিষয়ে একটি প্রত্যয়নপত্র দিতে বলেন। পরে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ তাঁদের একটি প্রত্যয়নপত্র দেন। এতে বলা হয়, শাহেদা একজন মানবাধিকার ও এনজিও কর্মী। তিনি রামনাথপুর ইউনিয়ন সমন্বয় কমিটি, লিগ্যাল এইড কমিটি ও রিসোর্স ইনিশিয়েটিভ বাংলাদেশের ইউনিয়ন কমিটির সদস্য এবং নাগরিক উদ্যোগ মানবাধিকার পর্যবেক্ষণ ইউনিয়ন কমিটির সহসভাপতি। তাঁর স্বামী আহসানুল হক স্থানীয় ওষুধ ব্যবসায়ী।
শাহেদা বলেন, ‘মাদ্রাসাটির পাশেই আমার বাড়ি। মাদ্রাসার নামে ব্যাপক সম্পদ আছে। জমিগুলো এলাকার মানুষের অগোচরে সুপার ও সভাপতি বন্ধক দিয়ে টাকা লুটপাট করছেন। এসবের তথ্য চাওয়ার কারণে সভাপতির পরামর্শে মাদ্রাসার সুপার বাদী হয়ে আমার, আমার স্বামী ও ভাতিজার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছেন।’
মাদ্রাসার সুপার মুফাজ্জল হুসাইন বলেন, ‘উনি (শাহেদা) সব সময় আমার কাছে মাদ্রাসার হিসাব চান। উনি তো মাদ্রাসার কেউ না, ওনাকে হিসাব দিব কেন? ঘটনার দিনও হিসাব চাইতে তিনি মাদ্রাসায় এসেছিলেন। এটা নিয়ে উনার সঙ্গে অনেক কথা-কাটাকাটি হয়েছে। এমনকি সভাপতির (মোহসিনা) সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উনি জুতা ছুড়ে মেরেছেন। চাঁদাও চেয়েছেন।’ মোহসিনা বলেন, ‘মাদ্রাসার উন্নয়নকল্পে আমি কাজ করছি। অথচ শাহেদা বলছেন আমরা নাকি মাদ্রাসা লুটেপুটে খাচ্ছি। উনি মাদ্রাসায় গিয়ে হিসাব চান। কিন্তু উনি কে? প্রতিবাদ করায় উনি জুতা ছুড়ে মেরেছেন। লাঠি নিয়ে আমাকে মারতে তেড়ে এসেছিলেন। উনি ৫ লাখ টাকা চাঁদাও চেয়েছেন।’
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ওই চাঁদাবাজি মামলার পক্ষে-বিপক্ষে অনেক কথা শুনেছি। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’