ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে দুস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন কবীরকে প্রধান করে এক সদস্যের এ কমিটি গঠন করা হয়।
গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন তাঁর কার্যালয়ে দাখিল করার নির্দেশ দিয়েছেন।
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ভিজিএফের চাল আত্মসাৎ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২১ জুলাই প্রথম আলোয় ‘ভিজিএফের চাল বিতরণে নয়ছয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ‘ব্যস্ততার কারণে এখনো তদন্ত শুরু করতে পারিনি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ঈদুল ফিতর সামনে রেখে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের জন্য পাঁচ হাজার ৬০০ ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ইউপি চেয়ারম্যান আজিজুল হক ৪৫০টি কার্ড নিজের হাতে রেখে অবশিষ্ট কার্ড বিতরণ করার জন্য ইউপি সদস্যদের দেন। ৮ ও ৯ জুলাই প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হয়।