ঘটনা ২০০১ সালের, মামলা ১৩ বছর পর
২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনের পরদিন কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের বড় হরিপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকীর বসতঘরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট চালান বিএনপির নেতা-কর্মীরা। ওই ঘটনার ১৩ বছর পর গত ৮ আগস্ট বরুড়া থানায় মামলা হয়েছে।
বরুড়া থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আবুল হাশেমসহ ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরাও বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
মামলা প্রসঙ্গে আবুল হাশেম বলেন, ‘এত বছর পর অসত্য অভিযোগ এনে মামলা করা হয়েছে। বাদী মামলা করতে না চাইলেও পুলিশ তাঁকে দিয়ে মামলা করিয়েছে।’
বরুড়া থানা সূত্র জানায়, ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (বরুড়া) আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী
জয়ী হন। পরদিন দুপুরে বিএনপি-সমর্থিত নেতা-কর্মীরা বড় হরিপুর গ্রামের আওয়ামী লীগের নেতা নূরে আলম সিদ্দিকীর বাড়িতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান।