ঘটনার সময় কাতারে তবু মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে বিএনপি-জামায়াতের টানা অবরোধ চলার সময় গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় এক প্রবাসী তরুণের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অথচ ঘটনার সময় ওই তরুণ দেশে ছিলেন না। পুলিশ বলছে, তড়িঘড়ি করে অভিযোগপত্র দেওয়ায় ভুল হয়ে থাকতে পারে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের দেলোয়ার আকন (২৮) ১০ বছর ধরে কাতারে কর্মরত আছেন।
স্থানীয় লোকজন জানান, ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে গত ২৯ জানুয়ারি গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি লবণবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরদিন গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার হাওলাদার বাদী হয়ে দেলোয়ার আকনসহ ওই গ্রামের নয়জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
কটকস্থল গ্রামের বাসিন্দা ছবর আলী, মিজানুর রহমানসহ কয়েকজন জানান, ঘটনার সময় দেলোয়ার কাতারে ছিলেন। কিন্তু তাঁকে গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় ৩ নম্বর আসামি করা হয়।
মামলার একাধিক আসামির অভিযোগ, এসআই জোবায়ের মামলাটির তদন্ত না করেই দেলোয়ারসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেন। ১৫ মে আসামিদের অভিযুক্ত হিসেবে তড়িঘড়ি করে আদালতে ওই অভিযোগপত্র দেন।
দেলোয়ার হোসেন মুঠোফোনে জানান, তিন বছর পর ২৫ মে দেশে ফিরে তিনি মামলার খবর জানতে পারেন। পরে ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাঁকে পালিয়ে বেড়াতে হচ্ছে।
এসআই স্বপন কুমার হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুল করে দেলোয়ারকে আসামি করা হয়েছে। তার নাম মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) অভিযোগপত্র থেকে বাদ দিতে পারতেন। তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন বলেন, তড়িঘড়ি করে অভিযোগপত্র দেওয়ায় ভুল হয়ে থাকতে পারে। দেলোয়ার বিদেশে ছিলেন এটা তাঁর জানা ছিল না।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দেলোয়ার ঘটনার সময় বিদেশে থাকলে সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে তাঁর নাম বাদ দেওয়া হবে।