ঘটনার সময় বিদেশে তবু তিনি আসামি
ঢাকার সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধারের দাবি করে পুলিশ। ওই ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করা হয়। এই দুই মামলায় অন্যদের সঙ্গে শহীদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।
কিন্তু ব্যবসায়ী শহীদুলের দাবি, পুলিশের ওই অভিযানের কয়েক দিন আগে থেকেই তিনি চিকিৎসার জন্য ভারতে ছিলেন। তিনি অভিযোগ করেন, মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেতে তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করেন একটি মামলার তদন্তকারী কর্মকর্তা।
অস্ত্র আইনে মামলাটি করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। মামলাটি তদন্ত করছেন একই থানার এসআই লুৎফর রহমান। সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই লুৎফর রহমান। এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই শরিফুল ইসলামকে।
মামলা দুটির বিবরণে উল্লেখ করা হয়েছে, জামায়াত-শিবির ও বিএনপির কতিপয় নেতা-কর্মী গত বছরের ১০ নভেম্বর পৌর এলাকার মিন্টু মিয়ার বাড়ির সাততলার একটি ফ্ল্যাটে বসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। পুলিশ ওই দিন সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় ওই ফ্ল্যাট থেকে পুলিশ একটি রিভলবার, ১৮টি গুলি ও ২০টি ককটেল উদ্ধার করে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩১ জন পালিয়ে যান। ওই পাঁচজনের সঙ্গে তাঁদের নাম উল্লেখ করে উভয় মামলায় আসামি করা হয়। শহীদুল তাঁদের একজন।
এ বিষয়ে শহীদুল (৪৫) প্রথম আলোকে বলেন, তিনি গত বছরের ৪ নভেম্বর চিকিৎসার জন্য বেনাপোল সীমান্ত হয়ে ভারতে যান ও ১১ নভেম্বর একই সীমান্ত হয়ে দেশে ফেরেন। দুটি মামলায় তাঁকে আসামি করার বিষয়টি জানার পর তিনি তদন্তকারী কর্মকর্তাদের কাছে লোক মারফত পাসপোর্টের কপি ও চিকিৎসার প্রমাণপত্র পাঠান। এরপরেও অস্ত্র আইনে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর তাঁকেসহ ২৭ জনের বিরুদ্ধে ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
শহীদুল আরও বলেন, পুলিশের সেই অভিযানের দিন তাঁর ভারতে অবস্থানের বিষয়টি প্রমাণের জন্য পাসপোর্টের প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরেও মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে একটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করেন। পরে তিনি এ ব্যাপারে ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানের হস্তক্ষেপ কামনা করে তাঁর বরাবর লিখিত আবেদন করেন।
টাকা দাবির কথা অস্বীকার করে এসআই শরিফুল বলেন, ‘আমার মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তে যা পাওয়া যাবে, তার ওপর ভিত্তি করেই অভিযোগপত্র দেওয়া হবে।’
আর এসআই লুৎফর বলেন, তদন্তকালে ঘটনার সঙ্গে শহীদুলের জড়িত থাকার প্রমাণ পেয়েই অভিযোগপত্রে তাঁর নাম দেওয়া হয়েছে।
ঘটনার দিন শহীদুলের ভারতে অবস্থানের দাবির বিষয়ে তিনি বলেন, ঘটনার দিন তিনি ভারতে অবস্থান করে থাকলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালতে তিনি সুফল পাবেন।
জানতে চাইলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, অভিযোগপত্রে নাম দেওয়া হলেও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তিনি আদালত থেকে জামিন পাবেন ও মামলার দায় থেকেও অব্যাহতি পাবেন।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।