ঘটনাস্থলের কাছ থেকে চাপাতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরের ডুবাইল গ্রামে দরজি নিখিল চন্দ্র জোয়ারদারকে যেখানে কুপিয়ে হত্যা করা হয়, সেই স্থানের কাছ থেকে গতকাল বৃহস্পতিবার একটি চাপাতি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুর্বৃত্তরা নিখিলকে হত্যায় ওই চাপাতি ব্যবহার করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
নিখিল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোপালপুরের সূতী পূর্বপাড়া এলাকার রাস্তার পাশের একটি ঝোপ থেকে চাপাতিটি উদ্ধার করা হয়। এতে রক্তের দাগ রয়েছে
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, হাতের আঙুলের ছাপ এবং ডিএনএ পরীক্ষার জন্য চাপাতিটি ঢাকায় পাঠানো হবে। চাপাতি যেখানে পাওয়া গেছে, সেখান থেকে ৫০ গজ দূরে গত রোববার রক্তমাখা একটি শার্ট উদ্ধার করা হয়।
এদিকে নিখিল হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার উত্তরা থেকে আটক করা নিখিলের ভাতিজির সাবেক স্বামী গৌতম রুদ্রকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তাঁকে আটক করা হয়েছিল।
গত শনিবার দুপুরে গোপালপুরের ডুবাইল গ্রামের নিখিল জোয়ারদারকে তাঁর দরজি দোকানের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।