ঘনচিনি-স্যাকারিন দিয়ে আইসক্রিম, দুই কারখানা বন্ধ-জরিমানা
খাবারের অনুপযোগী রং, ঘনচিনি, স্যাকারিন, সরাসরি ওয়াসার পানি ব্যবহারসহ নানা অনিয়মের জন্য চট্টগ্রামে আইসক্রিম তৈরির দুটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আইসক্রিম তৈরির লাইসেন্স না থাকায় কারখানা দুটিকে বন্ধ করে দেওয়া হয়।
আজ সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ডলফিন আইসবার ও চেয়ারম্যান ঘাটা এলাকায় লাকী আইসবার নামের দুটি কারখানায় এ অভিযান চালান।
জেলা প্রশাসন সূত্র জানায়, কারখানা দুটোর মধ্যে ডলফিন আইসবারের মালিক জয়নাল আবেদিন স্থায়ীভাবে চট্টগ্রামে থাকেন না, তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে থাকেন। কয়েক বছর ধরে গরমের মৌসুমে আইসক্রিমের ব্যবসা করতে চট্টগ্রামে আসেন তিনি। আইসক্রিম ছাড়াও ক্ষতিকর সাইট্রিক অ্যাসিড, ঘনচিনি ও তেঁতুলের ফ্লেভার দিয়ে কারখানা দুটিতে তেঁতুলের জুসও তৈরি হতো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন জানান, শরীরের জন্য ক্ষতিকর রং ও ঘনচিনি দিয়ে কারখানা দুটি আইসক্রিম তৈরি করত। এই বিষয়ে কারখানা মালিকদের বক্তব্য হচ্ছে, খাবারের উপযোগী রঙের দাম বেশি, আর ঘনচিনি অল্প ব্যবহার করলে বেশি মিষ্টি হয়। কারখানা দুটি আইসক্রিম তৈরি করতে সরাসরি ওয়াসার পানি ব্যবহার করত। এ সব কারণে তাদের ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইসক্রিম তৈরির লাইসেন্স না থাকায় পরে কারখানা দুটোকে বন্ধ করে দেওয়া হয়েছে।
কারখানাগুলো থেকে জব্দ করা ক্ষতিকর চার হাজার আইসক্রিম নষ্ট করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।