ঘর থেকে আর্তচিৎকার ভেসে এল
স্ত্রীকে ঘরে ডেকে নিলেন স্বামী। এরপরই ঘরের ভেতর থেকে স্ত্রীর আর্তচিৎকার ভেসে এল। পরে সেই ঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। আটক করে স্বামীকে।
আজ শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা বেগম ওরফে হেলেনা (২২)। স্বামী নজরুল ইসলাম ওরফে জুলফিকার। হালিমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এক বছর আগে নজরুলের সঙ্গে হালিমার বিয়ে হয়। আজ সকালে হালিমা বিছানার চাদর ধোয়ার জন্য পুকুরে যান। কাজ শেষে হালিমা ঘরে ফিরলে একটি কক্ষে নিয়ে গিয়ে নজরুল দরজা বন্ধ করে দেন। তখন কক্ষ থেকে চিৎকার ভেসে আসলে হালিমার শাশুড়ি এগিয়ে যান। কিন্তু নজরুল দরজা না খুললে আশপাশের লোকজনকে খবর দেন হালিমার শাশুড়ি। লোকজন ঘরের টিনের চাল খুলে দেখেন, হালিমার রক্তাক্ত লাশ নিয়ে পাশে বসে আছেন নজরুল। এলাকাবাসী পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও নজরুলকে আটক করে।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আটক নজরুল পুলিশের কাছে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন। নজরুল মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা গেছে। ঘটনার তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।